স্টাফ রিপোর্টার বেনাপোল: বেনাপোল সীমান্ত থেকে ৫০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ জামেনা বেগম (৪৫) নামে এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সদস্যরা।
বুধবার (১৪ নভেম্বর) সকালে বেনাপোল পৌর এলাকার সাদিপুর মোড় থেকে ইয়াবাসহ তাকে আটক করে বিজিবি সদস্যরা।
আটক জামেনা বেগম বেনাপোল সীমান্তের সাদিপুর গ্রামের লিটন মিয়ার স্ত্রী।
বিজিবি জানায়, গোপন সংবাদে জানা যায়, এক নারী ইয়াবা ব্যবসায়ী ভারত থেকে ইয়াবার একটি চালান পাচার করে এনে সাদিপুর গ্রামের মধ্য দিয়ে বেনাপোলের উদ্দেশ্যে রওনা হয়েছে।
এমন সময় বেনাপোল আইসিপি ক্যাম্পের সদস্যরা সেখানে অভিযান চালিয়ে জামেনা বেগম নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করে। পরে ক্যাম্পে নিয়ে মহিলা বিজিবি সদস্যরা তার শরীর তল্লাশি করে ৫০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে।।
৪৯ বিজিবি ব্যাটালিয়নের আইসিপি ক্যাম্পের কমান্ডার সুবেদার আব্দুল ওয়াহাব জানান, উদ্ধারকৃত ইয়াবাসহ আটক জামেনা বেগমকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে ।


