স্টাফ রিপোর্টার বেনাপোলঃ বেনাপোল (যশোর): বেনাপোল পৌরসভায় অস্বাভাবিক হারে পৌরকর বৃদ্ধিতে প্রতিবাদ সভা করেছেন স্থানীয়রা। সোমবার (৪ জুন) বিকেলে বেনাপোল সিঅ্যান্ডএফ অ্যাসোসিয়েশন অডিটোরিয়ামে এ সভার আয়োজন করা হয়।
সভায় বক্তারা জানান, নিয়ম, নীতির কোনো তোয়াক্কা না করে বেনাপোল পৌরসভার বসতবাড়ি ও বিভিন্ন প্রতিষ্ঠানের ওপর হঠাৎ করে অস্বাভাবিক হারে পৌরকর বৃদ্ধি করা হয়েছে। এতে তারা হতভম্ব ও দিশেহারা হয়ে পড়েছেন। এমন অনিয়ম যা কোনো ভাবে মেনে নেওয়া সম্ভব না। এছাড়া আগে থেকে যেভাবে পৌরকর আদায় করা হচ্ছে সে ভাবে এলাকায় উন্নয়ন কাজ ও হচ্ছে না।
পৌরবাসী শাহাজান ক্ষোভ প্রকাশ করে বলেন, গত বছরে তিনি তার প্রতিষ্ঠানের হোল্ডিং ট্যাক্স বাবদ আড়াই হাজার টাকা পৌরকর দিয়েছিলেন। এবার তার পৌরকর এসেছে ৯১ হাজার টাকা। সভায় ব্যবসায়ী খোকন বলেন, তার পৌরকর ২৬৪০ টাকা থেকে বাড়িয়ে ১ লাখ ৪২ হাজার টাকা করা হয়েছে। এখন যে অবস্থা দেখছি পৌরসভার কাছে বাড়ি বিক্রি করা ছাড়া উপায় নেই। খোঁজ খবর নিয়ে দেখেছি দেশের কোথাও এমন অযৌক্তিক পৌরকর বাড়েনি।
সভায় বক্তারা আরও বলেন, গত এক যুগ ধরে বেনাপোল পৌরসভায় কোনো নির্বাচন হয় না। বিভিন্ন কৌশল অবলম্বন করে নির্বাচন বন্ধ করে পৌর মেয়র নাগরিক অধিকার হরণ করছেন। প্রতিবাদ সভা শেষে নাগরিক কমিটি গঠন করা হয়েছে। এতে শহিদুল্লাহ মাস্টারকে আহ্বাহক ও সাংবাদিক মহাসিন মিলনকে সদস্য সচিব করে ৫১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।
পৌরকর সহনীয় পর্যায়ে না নিয়ে আসা পর্যন্ত এ কমিটি আন্দোলন সংগ্রাম করবেন বলেও জানান তারা। সভায় উপস্থিত ছিলেন স্থানীয় ব্যবসায়ী সংগঠনের নেতাকর্মী, সামাজিক, রাজনৈতিক ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষ। এ ব্যাপারে বেনাপোল পৌর মেয়র আশরাফুল আলম লিটন বলেন, তার পৌরসভায় সাড়ে আট হাজারের মতো করদাতা আছেন। এদের মধ্যে যারা বেশি সুযোগ-সুবিধা ভোগ করেন এমন ৭০০ জনের ওপর এ কর বাড়ানো হয়েছে। এসব পৌর এলাকার উন্নয়নের স্বার্থে করা হয়েছে।
শুধু পৌরবাসীর নয় তার নিজের বাড়ির করও বেড়েছে। এক্ষেত্রে কারো সমস্যা হলে তিনি পৌরসভা বরাবর আবেদন করতে পারবেন। কর্তৃপক্ষ বিষয়টি বিবেচনা করবেন। কিন্তু তা না করে একটি পক্ষ উন্নয়ন কাজে বাধা সৃষ্টি করতে ষড়যন্ত্র করে এলাকাবাসীকে ক্ষেপিয়ে তুলছেন। ষড়যন্ত্রকারীদের চিহ্নিত করা হচ্ছে বলেও জানান মেয়র আশরাফুল।




