নওগাঁর মান্দায় থানা পুলিশের এক বিশেষ মাদকবিরোধী অভিযানে ৫০ লিটার চোলাই মদ তৈরির কাঁচামাল (ওয়াশ) এবং মাদক বিক্রির নগদ ৮১ হাজার ৮০০ টাকা জব্দ করা হয়েছে।
গতকাল শুক্রবার (২৬ জুন) সন্ধ্যা পৌনে ৮টার দিকে উপজেলার ভারসো ইউনিয়নের ভারসো ঋষি পাড়ায় এ সফল অভিযানটি পরিচালিত হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে মান্দা থানার উপ-পরিদর্শক (এসআই) আশীষ কুমার সান্যালের নেতৃত্বে একটি চৌকস টিম এই অভিযান চালায়। অভিযানে অংশ নেন এসআই মো. নজরুল ইসলাম, এসআই মো. মোকাররম হোসেন, সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. রবিউল ইসলাম, এএসআই মো. শামসুল আলম ও এএসআই মোয়নুল ইসলামসহ সঙ্গীয় ফোর্স।
অভিযানকালে মাদক কারবারি শ্রীমতী ডলি রানী ও তার পলাতক স্বামী শ্রী সমোর সাহা ওরফে সুমনের বাড়ির আঙিনায় তল্লাশি চালানো হয়। একপর্যায়ে মাটির নিচে গর্ত করে সুকৌশলে লুকিয়ে রাখা অবস্থায় প্রায় ৫০ লিটার চোলাই মদ তৈরির উপাদান (ওয়াশ) উদ্ধার করে পুলিশ। একই সঙ্গে ডলি রানীর হেফাজত থেকে মাদক বিক্রির নগদ ৮১ হাজার ৮০০ টাকা জব্দ করা হয়।
থানা পুলিশ জানিয়েছে এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। মাদকের বিরুদ্ধে পুলিশের এমন জিরো টলারেন্স নীতি ও অভিযান অব্যাহত থাকবে।


