বগুড়া প্রতিনিধি: বগুড়ার ধুনট-শেরপুর সংযোগ সড়কের মাঠপাড়া গ্রামে গাড়ামারা খালের বেইলি ব্রীজ ভেঙে বালুবোঝাই ট্রাক খালের পানিতে পড়েছে। দুর্ঘটনা কবলিত ট্রাকটি পানির নিচে তলিয়ে গেছে। তবে এ ঘটনায় কোন হতাহতের ঘটনা ঘটেনি। ভেঙে পড়া ব্রীজটি মেরামত করে যান চলাচল স্বাভাবিক করার প্রস্তুতি গ্রহন করা হয়েছে বলে জানিয়েছেন বগুড়া সড়ক ও জনপদ বিভাগ।
১৮ ফেব্রুয়ারি মঙ্গলবার দুপুর ১টার দিকে বেইলি ব্রীজের উপর দিয়ে অতিরিক্ত বালুবোঝাই ট্রাক পার হচ্ছিল। এ সময় ব্রীজটি অতিরিক্ত ওজন সহ্য করতে না পারায় দ্বিখ-িত হয়ে ভেঙ্গে যায়। এসময় বালু বোঝাই ট্রাকটিও খালের পানিতে পড়ে তলিয়ে যায়। এ ঘটনায় ধুনট, কাজিপুর উপজেলার সকল প্রকার যানবহন চলাচল বন্ধ হয়। এতে চরম ভোগান্তিতে পড়েছে যাত্রীরা।
জানা যায়, সড়ক ও জনপথ(সওজ)এর অর্থায়নে ১৯৯২ সালে বগুড়ার ধুনট- শেরপুর পাকা সড়কের মাঠপাড়া গ্রামে একটি খালের ওপর ৬২ মিটার দীর্ঘ বেইলি ব্রীজটি নির্মাণ করা হয়। নির্মাণের পর থেকে ব্রীজের ওপর দিয়ে অতিরিক্ত মালামাল বোঝাই ভারী যানবাহন নিয়মিত পারাপার হয়ে আসছিল। আর এসব কারণেই ব্রীজের পাটাতন নষ্ট হওয়ায় ১০/১২ বার ভেঙে গিয়ে যানবাহন চলাচল বন্ধ হয়েছিল। সওজ কর্তৃপক্ষ বার বার জোড়াতালি দিয়ে ক্ষতিগ্রস্ত ব্রীজটি মেরামত করলেও তা বেশিদিন টেকসই হচ্ছিল না বলে এলাকাবাসী অভিযোগ তোলেন।
এ ব্যাপারে বগুড়া সড়ক ও জনপথ বিভাগের (সওজ) নির্বাহী প্রকৌশলী আশরাফুজ্জামান বলেন, ঝুঁকিপূর্ণ ব্রীজ উপর দিয়ে অতিরিক্ত ওজনের পরিবহন পারাপার করার ওপর নিষেধাজ্ঞা রয়েছে। কিন্ত নিষেধ অমান্য করে অতিরিক্ত বালুবোঝাই ট্রাক পারাপারের সময় ব্রীজটি ভেঙে পড়েছে। ভেঙে পড়া ব্রীজটি দ্রুত মেরামত করে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা অব্যাহত রয়েছে।

