ঈদুল ফিতরের তৃতীয় দিনে রাজধানীর বিনোদন কেন্দ্রগুলোতে মানুষের ঢল নেমেছে। বিভিন্ন প্রান্ত থেকে আত্মীয় স্বজন নিয়ে ঘুরতে এসেছেন নগরবাসী। এতে জমে উঠেছে বিনোদন কেন্দ্রগুলো।
বুধবার (২ এপ্রিল) খোঁজ নিয়ে জানা গেছে, রমনা পার্ক, মিরপুর-১ এর জাতীয় চিড়িয়াখানা, বোটানিক্যাল গার্ডেন, শ্যামলী শিশু পার্ক, ফ্যান্টাসি কিংডম ও বলধা গার্ডেনসহ রাজধানীর অন্যান্য বিনোদন কেন্দ্রে দর্শকদের প্রচুর ভিড় রয়েছে। ছোট বড় সব বয়সের মানুষের উপস্থিতিতে মুখরিত হয়ে উঠেছে বিনোদন কেন্দ্রগুলো।
এদিন সকাল থেকেই উৎসবমুখর পরিবেশে চিড়িয়াখানায় আসতে থাকেন শিশু থেকে বৃদ্ধ সব বয়সী দর্শনার্থী। ভেতরে প্রবেশ করেই জীবন্ত পশুপাখি দেখতে উৎসুক হয়ে ওঠে শিশু কিশোররা। বানর, বাঘ, উঠপাখি, হাতি, ভোদরসহ বিভিন্ন প্রাণীর সঙ্গে পরিচয় করে দেন অভিভাবকরা। তবে আগের তুলনায় পশু-পাখির সংখ্যা কমে যাওয়ায় চিড়িয়াখানা প্রাণহীন বলে অভিযোগ করেন অনেকে। এছাড়া শিশুদের ৫ বছর পর্যন্ত টিকিট ফ্রি করার দাবি জানান দর্শনার্থীরা।
ফ্যান্টাসি কিংডমের ওয়াটার কিংডমে বেশি মানুষের ভিড় দেখা যায়। এই গরমে স্বস্তি পেতে পরিবার পরিজন নিয়ে পানিতে মেতে উঠেন অনেকে।
ঢাকার বিভিন্ন দর্শনীয় স্থানগুলোতেও ছিল বেশ ভিড়। বিনোদনকেন্দ্র ছাড়াও পরিবার-পরিজন নিয়ে ঐতিহাসিক স্থানে ভিড় করছেন দর্শনার্থীরা।
পুরান ঢাকার এতিহ্যবাহী লালবাগ কেল্লা ঘুরে দেখছেন অনেকেই। ঢাকার বাইরে থেকে এমনকি বিদেশ থেকে আগত দর্শনার্থীদের সমাগমও ছিল। নানা বয়সী মানুষের পদচারণায় মুখরিত ছিল ঢাকার এ দর্শনীয় স্থানগুলো। সকালের শুরুতে লালবাগ কেল্লার প্রবেশমুখে ছিল মাঝারি লাইন। সকাল ১০টায় কেল্লার প্রবেশমুখ খুলতেই শিশু কিশোর তরুণ তরুণীসহ বৃদ্ধরা প্রবেশ করতে থাকেন। পুথিগত বিদ্যার বাইরে ইতিহাসের নিদর্শন স্বচক্ষে দেখানোর তাগিদ নিয়ে অনেক অভিভাবকরাই নিয়ে এসেছেন সন্তানদের। ঈদে ছুটি কাটাতে এসেছেন অন্যান্য ধর্মাবলম্বীরাও। জানালেন, ঈদের ছুটিতে স্বজন ও পরিবার নিয়ে ঘুরতে আসায় মিলছে বাড়তি আনন্দ।
এদিকে, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তীব্র গরমে অস্বস্তির কথা জানালেন ঈদের ছুটিতে ঘুরতে আসা বিনোদনপ্রেমীরা। এদিকে, ঈদের ছুটিতে বন্ধ ছিল পুরান ঢাকার অন্যতম ঐতিহাসিক দর্শনীয় স্থান আহসান মঞ্জিল।