× Banner
সর্বশেষ
ভরিতে ৩ হাজার বেড়ে স্বর্ণের বর্তমান দাম কত? উখিয়ায় সেহেরি খাওয়ার সময় ঘরে ঢুকে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের পর হত্যা অগ্রিম ট্রেনের টিকিট বিক্রির দ্বিতীয় দিন আজ আজ রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় আবহাওয়া মধ্যপ্রাচ্যে ফ্লাইট শিডিউল বিপর্যয়ে অপতথ্যের বিরুদ্ধে যাত্রীদের সতর্ক থাকার পরামর্শ দুর্যোগের ধকল থেকে পরিত্রাণ পেতে দক্ষ ব্যবস্থাপনার বিকল্প নেই -দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী দুবাই প্রবাসী শাকিব উদ্দিন হাজারো প্রবাসীর স্বপ্নদ্রষ্টা, অনুপ্রেরণা পরিচ্ছন্ন, মশামুক্ত ও সবুজ ঢাকা গড়ার নির্দেশ প্রধানমন্ত্রীর পাহাড় কেটে রিসোর্ট নির্মাণ কোনোভাবেই বরদাশত করা হবে না: পার্বত্য মন্ত্রী গৌরনদী প্রেসক্লাবের সাবেক সভাপতির বোনের মৃত্যুতে তথ্যমন্ত্রীর শোক প্রকাশ

বিদায় বেলায় শাসক ও বিরোধীকে মিলিয়ে দিলেন সুষমা স্বরাজ

Kishori
হালনাগাদ: বুধবার, ৭ আগস্ট, ২০১৯

লোদি ঘাটে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় শেষ হল প্রাক্তন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজের শেষকৃত্য। আর বিদায় বেলায় শাসক ও বিরোধীকে যেন মিলিয়ে দিলেন প্রাক্তন বিদেশমন্ত্রী। লোদি ঘাটে নরেন্দ্র মোদী, অমিত শাহ ও লালকৃষ্ণ আডবাণীরা যেমন সুষমা স্বরাজকে শেষ শ্রদ্ধা জানিয়েছেন, তেমনই শ্রদ্ধাজ্ঞাপন করেছেন বিরোধী দলগুলির নেতারাও।

বুধবার, বেলা ১২টা নাগাদ বাসভবন থেকে সুষমার মরদেহ আনা হয় বিজেপির সদর দফতরে। সেখানে তাঁকে শ্রদ্ধা জানান বিজেপি নেতারা। দীর্ঘক্ষণ রাখা ছিল তাঁর দেহ। বিকেল ৩টের পরে লোদি ঘাটের উদ্দেশে নিয়ে যাওয়া হয়। তাঁর শবাধার কাঁধে তুলে নেন রাজনাথ সিংহ, জেপি নাড্ডা, রবিশঙ্কর প্রসাদ, পীযূষ গয়াল ও অন্যান্য বিজেপি নেতারা।

সুষমা স্বরাজের আকস্মিক প্রয়াণে শোকস্তব্ধ গোটা দেশ। বুধবার চিরবিদায়ের সময় যত এগিয়েছে, শোকের ছায়াও তত দীর্ঘ হয়েছে। সুষমাকে স্যালুট জানান তাঁর স্বামী স্বরাজ কৌশল ও মেয়ে বাঁশুরি স্বরাজ। বিজেপি সদর দফতর থেকে অন্ত্যেষ্টির জন্য লোদি ঘাটে নিয়ে যাওয়ার সময় জাতীয় পতাকা দিয়ে ঢেকে দেওয়া হয় সুষমার দেহ। তা দেখে কান্নায় ভেঙে পড়েন তাঁরা।

সুষমাকে শেষ শ্রদ্ধা জানানোর জন্য এ দিন সকালেই তাঁর বাসভবনে উপস্থিত হন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, উপরাষ্ট্রপতি বেঙ্কাইয়া নায়ডু, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, লালকৃষ্ণ আডবাণী, মনমোহন সিংহ, সনিয়া গাঁধী এবং রাহুল গাঁধী-সহ অনেকেই। এ দিন শ্রদ্ধা জানানোর সময়েও আবেগপ্রবণ হয়ে পড়েন প্রধানমন্ত্রী।

সুষমার কথা বলতে গিয়ে স্মৃতিমেদুর হয়ে পড়েন শাসক থেকে বিরোধী দলের সব নেতাই। অমিত শাহ বলেন, “সুষমা স্বরাজের মৃত্যু গোটা দেশের রাজনীতির পক্ষে অপূরণীয় ক্ষতি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে গত পাঁচ বছরে বিদেশমন্ত্রী হিসেবে গোটা বিশ্বে দেশের খ্যাতি বাড়িয়েছেন সুষমা।” লালকৃষ্ণ আডবাণী বলেন, “সুষমাজির সঙ্গে দীর্ঘ দিন কাজ করেছি। ৮০-র দশকে যখন দলের সভাপতি ছিলাম, সে সময়েই তাঁকে দলে এনেছিলাম। ধীরে ধীরে দলের অন্যতম জনপ্রিয় নেত্রী হয়ে উঠেছিলেন তিনি। মহিলাদের রোল মডেল ছিলেন তিনি।”

প্রয়াত নেত্রীকে শেষ শ্রদ্ধা জানান বিজেপি নেতা মুখতার আব্বাস নকভি, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, লোকসভার স্পিকার ওম বিড়লা, বিজেপি নেতা সুব্রহ্মণ্যম স্বামী-সহ অনেকেই।

সুষমাকে শেষশ্রদ্ধা জানান তামিলনাড়ুর উপমুখ্যমন্ত্রী পনিরসেলভম, দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবাল, দিল্লির উপমুখ্যমন্ত্রী মণীশ সিসৌদিয়া, বিএসপি নেতা রামগোপাল যাদব, তৃণমূল সাংসদ ডেরেক ও’ব্রায়েন। অরবিন্দ কেজরীবাল বলেন, “ভারত এক মহান নেত্রীকে হারাল। সুষমাজি খুব ভাল মানুষ ছিলেন। তাঁর আত্মার শান্তি কামনা করি।” প্রতিক্রিয়া দিতে গিয়ে পুরনো কথা টেনে এনেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, “সুষমা স্বরাজের মৃত্যুতে আমি মর্মাহত। তাঁকে ১৯৯০ সাল থেকে জানি। আমাদের মধ্যে মতাদর্শগত পার্থক্য থাকলেও, সংসদে আমরা একসঙ্গে অনেক ভাল সময় কাটিয়েছি। তিনি এক জন ভাল মানুষ ও রাজনীতিক ছিলেন।”

সুষমার মৃত্যু ছুঁয়ে গিয়েছে বলিউডকেও। শোক জানিয়েছেন বলিউড অভিনেতা অমিতাভ বচ্চন, অক্ষয় কুমার, রবিনা টন্ডন, লতা মঙ্গেশকর, আশা ভোঁসলে-সহ অনেকেই। অক্ষয় কুমার বলেন, “এক জন প্রাণবন্ত নেতা ছিলেন সুষমা স্বরাজজি। তাঁর আত্মার শান্তি কামনা করছি।” শোক প্রকাশ করেছেন বিরাট কোহালি, সচিন তেন্ডুলকরও। সচিন বলেন, “নারীশক্তির এক জন আইকন ছিলেন সুষমা স্বরাজ।”


এ ক্যটাগরির আরো খবর..