ঢাকা, ৪ আশ্বিন (১৯ সেপ্টেম্বর): বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মো: সাফিনুল ইসলাম এর নেতৃত্বে ১৩ সদস্যের এবং বিএসএফ মহাপরিচালক রাকেশ আস্থানা এর নেতৃত্বে ৬ সদস্যের একটি প্রতিনিধিদল বিজিবি-বিএসএফ মহাপরিচালক পর্যায়ের ৫০তম সীমান্ত সম্মেলনে অংশগ্রহণ করেন।
আজ ১৯ সেপ্টেম্বর শনিবার ঢাকায় বিজিবি হেড কোয়ার্টাসে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে বিজিবি মহাপরিচালক উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও চমৎকার সহযোগিতায় সন্তুষ্টি প্রকাশ করেন এবং এই সম্পর্ক ও পারস্পরিক সহযোগিতা ভবিষ্যতে আরো বৃদ্ধি পাবে বলে আশাবাদ ব্যক্ত করেন। বিএসএফ মহাপরিচালক সীমান্তে শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে বিজিবি ও বিএসএফ এর যৌথ কার্যক্রমে সন্তুষ্টি প্রকাশ করে সমন্বিত সীমান্ত ব্যবস্থাপনা পরিকল্পনা সিবিএমপি কার্যকরভাবে বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।
সীমান্তে উভয় দেশের নিরস্ত্র নাগরিকদের হত্যা, আহত ও মারধরের ঘটনা শূন্যের কোঠায় নামিয়ে আনার লক্ষ্যে ঝুঁকিপূর্ণ সীমান্তবর্তী এলাকায় যৌথ টহল পরিচালনা বৃদ্ধি, জনসচেতনতামূলক কর্মসূচি আরও বেগবান করা এবং প্রয়োজনমাফিক আর্থ-সামাজিক উন্নয়নমূলক কর্মসূচি গ্রহণসহ সীমান্তে অতিরিক্ত সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণে উভয় পক্ষই সম্মত হয়েছেন।
সিবিএমপি এর ওপর গুরুত্বারোপ করে বিভিন্ন ধরণের আন্ত:সীমান্ত অপরাধ দমনের লক্ষ্যে ইতিবাচক মনোভাব নিয়ে সিবিএমপি বাস্তবায়নে এবং উভয় সীমান্তরক্ষী বাহিনী উপকৃত হবে এমন তাৎক্ষণিক ও দরকারি তথ্য বিশেষ করে অধিকতর তদন্তের জন্য আগ্নেয়াস্ত্র চোরাকারবারীদের ডিজিটাল ফটোগ্রাফ উভয় বাহিনীর মধ্যে শেয়ার করতে উভয় পক্ষই সম্মত হয়েছে। সীমান্ত অপরাধ দমন এবং আন্তর্জাতিক সীমানার অলঙ্ঘনীয়তা বজায় রাখতে সীমান্তে অতিরিক্ত সতর্কতা অবলম্বন করার আশ্বাস দিয়েছেন তারা।
মানব পাচার ও অবৈধভাবে আন্তর্জাতিক সীমানা অতিক্রম প্রতিরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণে উভয়পক্ষ সম্মত হন। উভয় মহাপরিচালক প্রচলিত আইন অনুযায়ী মানবপাচারে ক্ষতিগ্রস্তদের যত দ্রুত সম্ভব তাদের উদ্ধার ও পুনর্বাসনের সুবিধার্থে সহায়তা করতেও সম্মত হয়েছেন।
আন্তর্জাতিক সীমানার কাঁটাতারের বেড়া অপসারণ করা ও বেড়ার ক্ষয়ক্ষতি রোধে যৌথ প্রচেষ্টা অব্যাহত রাখতে এবং নিয়মিত যৌথ টহল পরিচালনা চালিয়ে যেতে সম্মত হয়েছেন।
সাম্প্রতিক সময়ে মানসিক ভারসাম্যহীন ব্যক্তিদের অনুপ্রবেশ ও জোরপূর্বক পুশ-ইন নিয়ে উদ্বেগ প্রকাশ করে মানসিকভাবে ভারসাম্যহীন ব্যক্তিদের জাতীয়তা যাচাই করতে এবং একে অপরের সহযোগিতায় তাদের হস্তান্তর ও গ্রহণ প্রক্রিয়া ত্বরান্বিত করতে উভয় পক্ষই সম্মত হয়েছে।
উভয় পক্ষই পূর্ব অনুমোদন ছাড়া ১৫০ গজের মধ্যে কোনো ধরনের উন্নয়নমূলক কাজ না করার বিষয়ে পারস্পরিক সম্মতি জ্ঞাপন করেছে। বন্ধ থাকা অন্যান্য উন্নয়নমূলক কাজগুলো যত দ্রুত সম্ভব সমাধানের ব্যাপারে সম্মত হয়েছেন।