স্টাফ রিপোর্টার: আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত বিএনপির উদ্দেশ্যে বলেছেন, “দেখতে দেখতে এই সরকারের দুই বছর পার হয়ে গেছে। দল ঠিক করুন, দেখতে দেখতে নির্বাচনের সময় চলে আসবে।”
গতকাল রবিবার দুপুরে রাজধানীর শিল্পকলা একাডেমিতে এক আলোচনা সভায় সুরঞ্জিত এ কথা বলেন।
সুরঞ্জিত বলেন, “শটকার্ট পথে ক্ষমতায় যাওয়ার কোনো সুযোগ নেই। ক্ষমতায় আসতে হলে দুটি পদ্ধতি অনুসরণ করতে হবে। এর মধ্যে একটি অভ্যুত্থান আর অন্যটি নির্বাচন। অভ্যুত্থানের শক্তি বিএনপির নেই।”
দশম জাতীয় সংসদ নির্বাচনের কথা তুলে ধরে আওয়ামী লীগের এ প্রবীণ নেতা বলেন, “তারা (বিএনপি) সে সময় এক ঢিলে দুই পাখি মারতে চেয়েছিলেন। একদিকে নির্বাচন আরেক দিকে যুদ্ধাপরাধীদের বিচার বন্ধ করা। দুটোতেই বিফল হয়েছে।”
বিএনপি বাংলাদেশে কৃত্রিম রাজনীতি চালু করেছে দাবি করে সুরঞ্জিত বলেন, “বাংলাদেশে আপনারা যে কৃত্রিম রাজনীতি তৈরি করেছেন, এটা রাজনীতির মধ্যে পড়ে না। যত রকমের দুই নম্বরি কারবার সবই আপনারা করেছেন।”
“জোট ভাঙে আপনার, দেউলিয়া হয় আওয়ামী লীগ-এটা কেমন কথা? আপনার সমস্যা এখন সংকটে পরিণত হয়েছে। আপনাদের সংকটে আওয়ামী লীগ দেউলিয়া হবে কেন? দেউলিয়া হয়েছেন আপনারা।” বলেন সুরঞ্জিত।
বিভ্রান্ত রাজনীতি নিয়ে বিএনপি বিপদে পড়েছে এমন দাবি করে সুরঞ্জিত বলেন, “বুদ্ধি দেবে তারেক রহমান, সিদ্ধান্ত নেবেন খালেদা জিয়া, এভাবে এতো বড় দল চলে না। বিভ্রান্ত রাজনীতি নিয়ে আপনারা (বিএনপি) বিপদে পড়েছেন।”
বিএনপি নেতাদের উদ্দেশে সুরঞ্জিত বলেন,“ আপনারা গণতান্ত্রিক প্রক্রিয়া বাদ দিয়ে সহিংসভাবে নির্বাচন প্রতিহত করতে চেয়েছিলেন। আপনাদের প্রধান হাতিয়ার ছিল জামায়াত। একদিকে নির্বাচন আরেক দিকে যুদ্ধাপরাধীদের বিচার বন্ধ করা। দুটোতেই বিফল হয়েছেন। জাতীয় নির্বাচনে না গিয়ে আপনারা ভুল করেছেন। খালেদা ও তারেকের পরামর্শের কারণে আপনারা সংকটে আছেন। তাদের পরামর্শ ত্যাগ করেন তাহলেই বিএনপির সংকটের সমাধান হবে।”
বিএনপির ভুল রাজনীতির দায় কে নেবে জানতে চেয়ে আওয়ামী লীগের এ নেতা বলেন, “যেহেতু বিএনপি ও অন্যান্য দলের মধ্যে নবচেতনার উদ্ভব হয়েছে, তাহলে স্পষ্ট করে বলুন- ‘কোথায় কোথায় আপনাদের ভুল হয়েছে’। এই ভুলের দায় কে নেবে? ভুল স্ভীকার করলে ক্ষতি নেই। বরং লাভেই আছে।”
সুরঞ্জিত বলেন, “বছরে ছয় হাজারের উপরে লোক দুর্ঘটনায় মারা যাওয়া মোটেও গ্রহণযোগ্য নয়। আইনের ব্যবহার ও প্রয়োগ হচ্ছে না।”
তিনি বলেন, “অজুহাত না দিয়ে আইনের প্রয়োগ করতে হবে। এক বঙ্গবন্ধু সেতুর কাছেই সাতজন মারা যাওয়ায় দেশবাসী উদিগ্ন, সাথে আমরাও উদিগ্ন। রাজপথের যাত্রা নির্বিঘ্ন করতে হবে। নিহতের সংখ্যা ক্রমেই বাড়ছে। এটা এখন আমাদের উদ্বিগ্ন হওয়ার সীমা ছাড়িয়ে গেছে।”
মাকসুদুর রহমান খান মাসুদের সভাপতিত্বে বক্তব্য দেন- ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আখতারুজ্জামান, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অরুণ সরকার রানা প্রমুখ।