বিশেষ প্রতিবেদকঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) কেন্দ্রীয় কার্যালয়ে নেতাদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। কার্যালয়ের সামনে পুলিশ থাকলেও অল্প কয়েকদিনের ব্যবধানে দু’টি হামলার ঘটনা ঘটলো। এ সময় দপ্তরের মুখপাত্রের দায়িত্ব পালন করছেন দলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন। প্রশ্ন উঠছে পরবর্তী শিকার কে? অপরিহার্য হয়ে উঠছে ক্লোজ সার্কিট ক্যামেরার ব্যবহার। গত মঙ্গলবার কার্যালয়ে দুর্বৃত্তের হামলায় আহত হয় সহ-দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু। এর আগে ১৪ জুন সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুস সালামকেও একই ধরনের পরিস্থিতে পড়তে হয়।
সালামের বিষয়ে দলের পক্ষ থেকে রিপন বিবৃতি দেন এবং এ নিয়ে তদন্ত কমিটি গঠন করা হয় যার প্রধান যুব বিষয়ক সম্পাদক সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল। আব্দুস সালাম জাতীয়তাবাদী যুব দলের সিনিয়র সহ-সভাপতি আলাল সভাপতির দায়িত্ব পালন করছেন। মাত্র কয়েক দিন আগে আব্দুস সালাম আজাদকে বিএনপির সহ-সাংগঠনিক পদ দেয়া হয়। এর আগে এ পদে ছিলেন প্রয়াত নাসির উদ্দিন পিন্টু।
গুঞ্জন রয়েছে, প্রয়াত নাসির উদ্দিন পিন্টুর পদে আব্দুস সালাম আজাদকে দায়িত্ব দেয়ায় পিন্টুর অনুসারীরে মধ্যে ক্ষোভ সৃষ্টি হয় এবং হামলার মাধ্যমে তার তার প্রতিক্রিয়া জানায়। টিপুর ওপর হামলার ঘটনার পর সালাম তার প্রতিক্রিয়া জানিয়ে বলেন, ‘দলের হাই কমান্ডের উচিৎ হবে এগুলো গুরুত্বের সাথে দেখে নিরপেক্ষ তদন্ত কমিটি করে এটার আসল রহস্যটা উদঘাটন করা দরকার। সেই আসল রহস্য উদঘাটন হলে অনেক দিক দিয়ে দল নিরাপদ লাভ করতে পারে। এখানে সরকারি লোকও থাকতে পারে। দলের ভেতরে সরকারি লোকও ঘাপটি মারা থাকতে পারে। কারণ একদিকে দল সঙ্কটকালীন সময়ের মধ্যে অতিবাহিত হচ্ছে। তার মধ্যে এ ধরনের ন্যাক্কারজনক ঘটনা এটা দলের জন্য ভালো শুভকর কোনো সংবাদ না। তার ওপর হামলার ঘটনায় গঠিত তদন্ত কমিটির প্রতি হতাশা ব্যক্ত করে সালাম বলেন, ‘তদন্ত কমিটি থেকে এখনও কোনো রেজাল্ট পাই নাই, তারা আমাকে কিছু জানাই নাই। ওই তদন্ত সঠিক এবং সুষ্ঠু হলে বা তদন্ত যদি গভীরে ঢুকতে তাহলে আসল ষড়যন্ত্রকারীরা বের হয়ে আসতো। তারা বেরিয়ে আসলে পুনরায় এ ঘটনা ঘটতো না।
এ ধরনের ঘটনা বাড়ার আশঙ্কা রয়েছে কিনা জবাবে সালাম বলেন, ‘তা বলতে পারবো না, তবে এ ধরনের ঘটনা ভালো লক্ষণ না। প্রাণহানিও ঘটতে পারতো, যদিও ঘটে নাই। তবে টিপু তার ওপর হামলার খবর প্রথম স্বীকার করলেও পরে অস্বীকার করেন। পরবর্তীতে বিএনপির মুখপাত্র রিপন এ ঘটনায় তদন্ত কমিটি গঠনের কথা বলে বিবৃতি দেয়। বিবৃতির বিষয়ে টিপুর কাছে জানতে চাইলে তিনি বলেন, ‘রিপন ভাই আমার সঙ্গে কথা না বলেই বিবৃতি দিয়েছেন। হামলার কোনো ঘটনা ঘটে নাই। রিপনের বক্তব্য পাওয়া যায়নি। টিপু হামলার ঘটনার রিপনের বিবৃতিতে সই ছিলো অপর সহ-দপ্তর সম্পাদক আসাদুল করিম শাহীন। টিপুর সঙ্গে কথা না বলে বিবৃতি প্রদানের বিষয়টি জানতে চাইলে শাহীন বলেন, ‘তার সঙ্গে কথা বলেই বিবৃতি দেয়া হয়েছে।
জানা গেছে, দপ্তরে বিশৃঙ্খলা সৃষ্টি ও দলীয় শৃঙ্খলা বিরোধী দায়সহ রিপনের বিরুদ্ধে রয়েছে আরো অভিযোগ। সম্প্রতি দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলীয় কার্যালয়ে গিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। তার ১৫ মিনিট পর একই ইস্যুতে রিপন সংবাদ সম্মেলন করেন। রিপনের সংবাদ শুরুর আগেই মির্জা ফখরুল কার্যালয় ত্যাগ করেন। আবার একদিন মুক্তিযোদ্ধা দলের নেতাদের সঙ্গে মহাসচিবের কক্ষে সংক্ষিপ্ত মতবিনিময় করে গণামধ্যমে বক্তব্য দেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার কিছুক্ষণ পর রিপন সংবাদ সম্মেলন করেন। সমসাময়িক ইস্যুতেও রিপনের বক্তব্যেও অনেকের মধ্যে সন্দেহ তৈরি হচ্ছে। যেমন প্রধানমন্ত্রীর জাতিসংঘের পরিবেশ বিষয়ক পুরস্কার অর্জনের প্রতিক্রিয়ায় মুখপাত্রের দায়িত্বে থেকে রিপন এটিকে রাষ্ট্রীয় অর্জন হিসেবে সন্তোষ প্রকাশ করেছিলো। আবার দলের সিনিয়র নেতা অ্যাডভোকেট খন্দকার মাহাবুব হোসেন প্রধানমন্ত্রীর এ পুরস্কার নিয়ে তিরস্কার করেছেন। টিপু হামলাকে ঘিরে নানা ধরনের গুঞ্জন রয়েছে। টিপুর বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী শিমুল বিশ্বাসের কোটায় বিএনপির সহ-দপ্তর পদ পেয়েছেন। শিমুল বিশ্বাসকে নিয়ে দলের মধ্যে প্রবল বিতর্ক রয়েছে। শিমুল বিশ্বাস বিরোধীরা এ ঘটনায় জড়িত। আবার সহ-দপ্তর সম্পাদক পদ প্রত্যাশী যারা রয়েছেন তারাও ক্ষোভ ঝরাতে পারেন। অথবা সালাম সমর্থকরাও এ ঘটনা ঘটাতে পারে। হামলার পরদিন অর্থাৎ বুধবার যথারীতি কার্যালয়ে দেখা যায় তাইফুল ইসলাম টিপুকে। অল্প সময়ের ব্যবধানে দলীয় কার্যালয়ে দুজন নেতা দুর্বৃত্তদের হামলার শিকার হলো।
এখন তাদের দলের প্রধান অফিসে ক্লোজ সার্কিট ক্যামেরা ব্যবহারের প্রয়োজনীয়তা আছে কিনা বাংলামেইলের এমন প্রশ্নে টিপু বলেন, ‘সিসি ক্যামেরা হলে ভালো হয়। তাহলে সহজেই দুবৃত্তদের শনাক্ত করা যেতো। তবে এটি দলের হাইকমান্ড এবং আর্থিক বিষয়ের ওপর নির্ভর করে। আর্থিকের চেয়ে দলের হাই কমান্ডের সিদ্ধান্তটাই বড়।
হামলা বিষয়ে বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটর সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ‘এটা অনভিপ্রেত। কোনমতেই এটা বাঞ্ছনীয় নয়। টিপুর ওপর হামলার ঘটনায় রিপন তার বিবৃতি দুর্বৃত্তদের কথা উল্লেখ করেছেন আর টিপু বলেছেন তার সঙ্গে কথা না বলেই বিবৃতি দেয়া হয়েছে এ প্রসঙ্গে গয়েশ্বর রায় বলেন, ‘দুর্বৃত্তরা কি দলীয় ? নাকি সরকারি কোনো সংস্থার ভাড়াটিয়া। যদি দলের কেউ জড়িত থাকে তাকে আগে পার্টি থেকে বহিস্কার করতে হবে। আধুনিক টেকনোলোজির ব্যবহার জীবন ব্যবস্থায় আসছে।’ মন্তব্য করে ক্লোজ সার্কিট ক্যামেরা স্থাপনের বিষয়টি সমর্থন করেন তিনি। ওদিকে রিপনের বিরুদ্ধে অভিযোগ সম্পর্কে বাংলামেইলের পক্ষ থেকে তার সঙ্গে যোগাযোগ করে না পাওয়া গেলেও তিনি তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ অস্বীকার করে একটি দৈনিকে মন্তব্য করেছেন।