বিশেষ প্রতিবেদকঃ বিএনপির রূপকল্প ২০৩০ ঘোষণার সংবাদ সম্মেলনের আমন্ত্রণপত্র নিয়ে দলটি সস্তা রাজনীতি করছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের নেতারা। দলের শীর্ষস্থানীয় এক নেতা বলেন, ‘একটা সস্তা রাজনীতি করতে চেয়েছে বিএনপি। এটা দাওয়াতের কোনো বিষয় নয়।’
বিএনপির সহ-দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম অভিযোগ করে বলেন, ‘বিএনপির পক্ষ থেকে আমন্ত্রণপত্র নিয়ে গতকাল সোমবার বিকেল পৌনে ৫টার দিকে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে যাওয়া হয়। সেখানে যাওয়ার পর দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকলেও কার্যালয়ে ঢুকতে দেওয়া হয়নি।’
বিএনপির পক্ষ থেকে আগেই আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়ার সঙ্গে যোগাযোগ করে সময় নেওয়া হয়েছিল বলেও দাবি করেছেন তাইফুল ইসলাম।
আগামীকাল বুধবার রাজধানীর একটি হোটেলে ‘রূপকল্প ২০৩০’ ঘোষণা করবেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। ওই অনুষ্ঠানের আমন্ত্রণপত্র দিতেই ওই কার্যালয়ে যান বিএনপির নেতারা।
এ ব্যাপারে আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া বলেন, ‘আমাকে ফোন করা হলে তাঁদের আমি প্রপারওয়েতে যোগাযোগ করতে বলি। আমি কোনো সময় দেইনি।’
বিপ্লব বড়ুয়া আরো বলেন, ‘বিএনপির অভিযোগ চিরাচরিত রাজনৈতিক স্ট্যান্ড ছাড়া আর কিছুই নয়। সন্তানহারা মাকে যখন সমবেদনা জানাতে গিয়েছিল, তখন তারা আমাদের নেত্রীকে দরজা বন্ধ করে দিয়ে ঢুকতে দেয়নি। একজন প্রধানমন্ত্রীর সঙ্গেও তারা অসৌজন্যমূলক আচরণ করেছে। এটা তাদের সস্তা রাজনীতি।’
নাম প্রকাশে অনিচ্ছুক আওয়ামী লীগের শীর্ষস্থানীয় এক নেতা বলেন, ‘সংবাদ সম্মেলনকে কেন্দ্র করে দাওয়াত দেওয়া; একটা সস্তা রাজনীতি করতে চেয়েছে বিএনপি। এটা দাওয়াতের কোনো বিষয় নয়। এই দাওয়াতের মাধ্যমে তারা সস্তা জনপ্রিয়তা নিতে চেয়েছে। এটা অনভিপ্রেত।’
নাম প্রকাশ না করার শর্তে দলটির সম্পাদকমণ্ডলীর তিনজন সদস্য বলেন, বিএনপি নেতারা জেনেশুনেই ওই সময়ে আমন্ত্রণপত্র নিয়ে এসেছিল। এখন তারা এটা নিয়ে সস্তা রাজনীতি করছে।



