দি নিউজ ডেক্সঃ তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচনে নির্বাচন কমিশনের বিধি-বিধান বিএনপি’র জন্য লাভজনক কারণ আমাদের দেশে মন্ত্রী বা এমপিবৃন্দ প্রচারণায় অংশ নিতে পারেন না।
আজ অপরাহ্নে সচিবালয়ে তথ্য মন্ত্রণালয় সভাকক্ষে বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক পরিবেশক সমিতির নবনির্বাচিত সভাপতি খোরশেদ আলম খসরুর নেতৃত্বে কমিটির সাথে বৈঠকের শুরুতে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেন মন্ত্রী। সিটি কর্পোরেশন নির্বাচনে ‘লেভেল প্লেয়িংফিল্ড’ আছে কি না- সাংবাদিকদের এ প্রশ্নের উত্তরে মন্ত্রী বলেন, নির্বাচনে তো ‘লেভেল প্লেয়িংফিল্ড’ আছেই এবং সেটি বিএনপির পক্ষে। কারণ, পাশ্ববর্তী দেশ ভারত পৃথিবীর সবচাইতে বড় গণতান্ত্রিক দেশ, যেখানে ভোটারের সংখ্যা পৃথিবীতে সর্বোচ্চ।
সেই দেশে মন্ত্রীরা সরকারি প্রটোকল বাদ দিয়ে নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণ করতে পারে, যে পর্যায়েরই মন্ত্রী হোক না কেন? সংসদ সদস্যরাতো পারেই। সংসদীয় গণতন্ত্রের সুতিকাগার যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র ও পৃথিবীর অন্যান্য সংসদীয় গণতন্ত্রের দেশেও মন্ত্রী-সংসদ সদস্যরা সরকারি সুযোগ সুবিধা বাদ দিয়ে প্রচারণায় অংশগ্রহণ করতে পারে। আমাদের দেশে আমরা পারছি না। এটি বরং বিএনপিকে সুবিধাজনক অবস্থান দিয়েছে সুতরাং প্লেয়িংফিল্ডটা তাদের পক্ষে।
বিএনপি প্রার্থীর ওপর হামলার বিষয়ে প্রশ্নের জবাবে ড. হাছান বলেন, প্রথমত বিষয়টি পুরোপুরিভাবে না জেনে মন্তব্য করা সমীচিন নয়। দ্বিতীয়ত আমি মনেকরি পরিবেশকে ঘোলাটে করার জন্য একটি মহল সক্রিয়। এটি সেই পক্ষই কারসাজি কি না? সেটি খতিয়ে দেখা প্রয়োজন। আর বিএনপি’র প্রথম থেকেই প্রচেষ্টা হচ্ছে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করা। সুতরাং নানা ধরণের ঘটনা প্রবাহের মধ্যদিয়ে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার যে প্রক্রিয়া, এটি সেই প্রক্রিয়ারও অংশ কি না- সেটিও খতিয়ে দেখা প্রয়োজন।
এ ক্যটাগরির আরো খবর..