বৃষ্টির পরিমাণ কমায় বান্দরবানে বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে। প্লাবিত এলাকাগুলো থেকে বন্যার পানি নেমে যাওয়ায় আশ্রয়কেন্দ্র ছেড়ে নিজের ঘরে ফিরতে শুরু করেছেন বানবাসীরা। সড়কের পানি নেমে যাওয়ায় বান্দরবানের সঙ্গে চট্টগ্রামসহ সারা দেশের সড়ক যোগাযোগও চালু হয়েছে।
সোমবার (১৩ জুলাই) থেকে বান্দরবান-কেরানীহাটের প্রধান সড়কপথে যানবাহন চলাচল শুরু হয়েছে। লামা-আলীকদম উপজেলার অভ্যন্তরীণ সড়ক যোগাযোগও চালু হয়েছে।
তবে রাঙামাটি-বাঙালহালিয়া সড়ক যোগাযোগ এখনো বন্ধ রয়েছে। জেলার রুমা, থানচি, রোয়াংছড়ি এবং থানচি-আলীকদম, লামা-সূয়ালক সড়কের বিভিন্ন স্থানে ছোটবড় পাহাড়ধসে সড়কের ওপরে মাটি জমে থাকায় যানবাহন চলাচল ব্যাহত হচ্ছে। বৃষ্টিতে পাহাড়ধসে বসতবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে নতুন করে কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি।
ঝুকিপূর্ণ বসতিগুলো ছেড়ে লোকজনদের নিরাপদ আশ্রয়ে সরে যেতে প্রশাসন, ফায়ার সার্ভিস, পৌরসভা ও ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে মাইকিং করা হচ্ছে।
এদিকে জেলার অন্যতম নদী সাঙ্গু ও মাতামুহুরি নদীর পানিও বিপদসীমার কয়েকসেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে বলে জানিয়েছেন জেলা পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা অপু দেব।
এদিকে বন্যার পানি নামলেও বানবাসীদের দুর্ভোগ কমেনি। বন্যা-পাহাড়ি ঢলে নেমে আসা ময়লা আবর্জনা, কাদামাটি স্তুপ জমে আছে বানবাসী মানুষদের ঘরবাড়ি ও রাস্তাঘাটে। আশ্রয় কেন্দ্র থেকে ঘরবাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান পরিষ্কার পরিচ্ছন্নতায় ব্যস্ত হয়ে পড়েছে দুর্গতরা।
স্থানীয় ছখিনা খাতুন ও জলিল আহমেদ বলেন, আশ্রয়কেন্দ্র থেকে ৫ দিন পর বাসায় ফিরেই পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করছি। বানবাসী মানুষের সংগ্রামের যেন শেষ নেই। পানি নেমেছে ঠিকই, কিন্তু বন্যায় রেখে যাওয়া ক্ষতচিহ্নগুলো বয়ে বেড়াতে হবে বহুদিন। ময়লা আবর্জনা কাদামাটির দুর্গন্ধ ছড়াচ্ছে।
বিষয়টি নিশ্চিত করে বান্দরবানের জেলা প্রশাসক মো. সানিউল ফেরদৌস বলেন, বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে। ত্রাণ তৎপরতা চলমান রয়েছে। পর্যাপ্ত চাল মজুত রয়েছে ত্রাণ শাখায়। উপজেলা পর্যায়ে বন্টন করে ত্রাণ কার্যক্রম চালানো হচ্ছে। বন্যা পরবর্তী কার্যক্রমের জন্য স্ব স্ব প্রতিষ্ঠানকে দিকনির্দেশনা দেওয়া হয়েছে।
প্রসঙ্গত- গত ৫ জুলাই থেকে বান্দরবান জেলার সাতটি উপজেলায় থেমে থেমে মাঝারি ও ভারি বৃষ্টিপাত হয়েছে। টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে বান্দরবানে নিম্নাঞ্চল প্লাবিত হয়ে লক্ষাধিক মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। বন্যা-পাহাড়ধসে বিপর্যস্ত হয়ে পড়ে বান্দরবানবাসীর জনজীবন।