গ্রামে গ্রামে বাছাই শেষে ভাতা কার্ড দেয়ায় খুশি প্রকৃত ভাতাভোগীরা

আরিফ মোল্ল্যা, ঝিনাইদহ প্রতিনিধি: গ্রামে গ্রামে গিয়ে বাছাই শেষে ভাতা কার্ড দিচ্ছেন সূবর্ণা রানী সাহা, এমন উদ্যোগে বেজায় খুশি প্রকৃত ভাতাভোগীরা।

আগে স্ব-চক্ষে দেখছেন। তারপর করছেন কাগজপত্র যাচাই বাছাই। এরপরও নিচ্ছেন উপস্থিত গ্রামবাসীদের মতামত। শেষ অবধি সবকিছু ঠিকঠাক পেলে তবেই চুড়ান্ত করছেন সরকারী ভাতা কার্ড। এভাবেই ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার ইউএনও সূবর্ণা রানী সাহা বিভিন্ন ইউনিয়নের গ্রামে গ্রামে গিয়ে বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধীদের কার্ড বিতরন করে চলেছেন।

প্রতিদিনই তিনি একেকটি ইউনিয়নে পৌছে কার্ড বিতরনের কার্যক্রম করছেন। তবে, কখনো সরকারী কোন গুরুত্বপূর্ণ কাজে ব্যাস্ত হয়ে পড়লে তার দপ্তরের অন্যান্য কর্মকর্তাদের সরেজমিনে পাঠিয়ে বাছাই কাজ করান। ইতিমধ্যে ইউএনও ও সহকারী কমিশনার (ভূমি) সহ উপজেলার অন্যান্ন কর্মকতা মিলে পৌরসভা সহ প্রায় সবকটি ইউনিয়ন ও পৌরসভায় ভাতা ভোগীদের কার্ড বিতরনের কাজ সম্পন্ন করেছেন। তার দক্ষ ব্যাবস্থাপনায় প্রকৃত দুঃস্থরা কার্ড পাওয়ায় এমন মহৎ উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন ভুক্তভোগী পরিবার সহ গ্রামের সাধারন মানুষ।

সরেজমিনে উপজেলার কয়েকটি ইউনিয়নের গ্রামে ঘুরে সাধারন মানুষের সাথে কথা বললে তারা জানায়, ইতিপূর্বে সরকারী সুবিধাভোগীদের তালিকা ও কার্ড বিতরনে নানা অনিয়ম, স্বজনপ্রীতি করা হত। বর্তমানে কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার নিজে উপস্থিত থেকে যাচাই বাছাই করায় এখন প্রকৃতরাই কার্ড পাচ্ছেন। গ্রামবাসীরা কেউ কেউ ক্ষোভ প্রকাশ করেও জানায়, ইতিপূর্বে কার্ড বিতরনে এমনও নজির আছে, যে অর্থ লেনদেনের মাধ্যমে সুবিধাবাদী অনেকই ওই কার্ড হাতিয়ে নিত। সেখানে প্রকৃত ভূক্তভোগীরা বঞ্চিত হতো। এ বছর উপজেলা নির্বাহী অফিসার নিজে ইউনিয়নে এসে প্রকৃতদের কার্ড দেওয়ায় তারা বেজায় খুশি।

কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সূবর্ণা রানী সাহা জানান, সমাজের প্রকৃত দুঃস্থ অসহায় মানুষকে সরকারী ভাতা কার্ড প্রদান নিশ্চিত করতেই তিনি ইউনিয়নের গ্রামে গ্রামে যাচ্ছেন। এ কার্যক্রমে আগে থেকেই দুঃস্থদের আবেদন করতে ইউনিয়ন থেকে মাইকিং করা হচ্ছে। এরপর নির্ধারিত দিনে তিনি ও অন্যান্ন অফিসার সহ সংশ্লিষ্ট চেয়ারম্যান, মেম্বর ও গ্রামবাসীদের উপস্থিতিতেই আবেদনকারীদের বাছাই শেষেই কার্ড প্রদান করা হচ্ছে। তিনি জানান, ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে ৫/৭ টি করে কার্ড বরাদ্ধ আছে। কিন্তু কোথাও কোথাও বেশি আবেদন জমা পড়ায় সে ক্ষেত্রে তিনি উপস্থিত গ্রামবাসীদের সহায়তায় দুঃস্থ তালিকা সম্পন্ন করেন। এতে করে প্রকৃত ভূক্তভোগীদের চিহ্নিত করা সহজ হচ্ছে।

উপজেলা নির্বাহী অফিসার আরো জানান, সরকারীভাবে অনেক আগে থেকেই স্বচ্ছতার মাধ্যমে ভাতা কার্ড প্রদানে নির্দ্দেশনা থাকলেও এবছর ঝিনাইদহ জেলা প্রশাসক সরোজ কুমার নাথ তাকে এই কার্যক্রমে বেশি তৎপর হতে নির্দ্দেশ দিয়েছিলেন। সে মোতাবেক এ পর্যন্ত তিনি ও উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ভূপালী সরকার সহ অন্যান্ন অফিসারদের নিয়ে পৌরসভা সহ প্রায় সবকটি ইউনিয়নে উপস্থিত থেকেই এ কার্যক্রম সম্পন্ন করেছেন। তিনি পর্যায়ক্রমে বাকী ইউনিয়নেও উপস্থিত থেকে এ বাছাই কাজ সম্পন্ন করবেন বলেও জানান।

গ্রামে মাইকিং শুনে ইউনিয়ন অফিসে এসে লাইনে দাড়িয়ে ভাতা কার্ডপ্রাপ্ত সুন্দরপুর দূর্গাপুর ইউনিয়নের আলাইপুর গ্রামের অসহায় বৃদ্ধ আবু রসুল সাংবাদিকদের জানায়, বাড়ীর ভিটে মাটিটুকু ছাড়া তার আর কিছুই নেই। ৩ ছেলেই বাজারে ভ্যান চালায়। খুব কষ্টের মধ্যে পরিবারের দিন কাটত। আগে অনেকবার চেয়ারম্যান মেম্বরদের দ্বারে দ্বারে ঘুরেও কোন ভাতা কার্ড পায়নি। এবারই মাইকিং শুনে লাইনে দাড়ানোর পর শহরের অফিসাররা তাকে এই কার্ডটি দিয়েছেন। এতে সে বেজায় খুশি। ওই ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের ইউপি সদস্য ওহিদুল ইসলাম জানান, ইউএনও মহোদয়ের তত্বাবধানে এবার স্বচছতার মাধ্যমে কার্ড বিতরন করা হচ্ছে। এতে তার গ্রামবাসীরা খুশি।

এ বিষয়ে কাষ্টভাঙ্গা ইউনিয়নের চেয়ারম্যান আয়ুব হোসেন জানান, উপজেলা নির্বাহী অফিসারের এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, তিনি দুঃস্থদের ভাতা কার্ড বিতরনে কখনো কোন অনিয়মকে প্রশ্রয় দেননি। তবে এ কার্ড পেতে এলাকার জনগন তাদের কাছে অনেক সময় অন্যায় আবেদনও করে থাকে। এতে বিড়ম্বনায় পড়তে হত। কিন্তু এ বছরই কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার নিজে এসে যাচাই বাছাইয়ের পর কার্ড দিচ্ছেন। তাই এমন উদ্যোগে অনেকটা বিড়ম্বনার হাত থেকে মুক্ত হতে পেরে তিনিও খুশি বলে জানান।

এদিকে এবারই গ্রামে গ্রামে ইউনিয়নে সঠিকভাবে যাচাই বাছাই করে প্রকৃতরা ভাতা কার্ড পাওয়ায় খুব খুশি এলাবাসী। তবে এ কার্যক্রমে কিছু কিছু ইউনিয়নের চেয়্যারম্যান মেম্বররা তাদের দলীয় বা কাছের অনুসারীদের কার্ড দিতে না পারায় অনেকেই বিপাকে পড়েছেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Ovi Pandey
লেখক / প্রতিবেদক

Ovi Pandey

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।