প্রেসিডেন্ট বাইডেন কোভিড -১৯ আক্রান্ত হয়েছেন। বুধবার হোয়াইট হাউস এতথ্য জানায়। ওয়াশিন্টন পোষ্ট জানায়, ডেমোক্রেট সিনেট নেতা চাক স্যুমার ও হাউস মাইনরিটি নেতা হেকিম জেফরী গত সপ্তাহেই পৃথক পৃথকভাবে প্রেসিডেন্ট বাইডেনকে জানিয়েছেন যে, তিনি সরে না দাঁড়ালে হাউস (কংগ্রেস) দখল করা যাবেনা, রিপাবলিকানরা সহজেই জিতে যাবে। মঙ্গলবার ডেমক্রেট প্রভাবশালী নেতা ক্যালিফোর্নিয়ার কংগ্রেসম্যান এডাম শিফ প্রকাশ্যেই বাইডেনকে সরে দাঁড়ানোর আহবান জানিয়ে বলেন, এখন সময় এসেছে বাইডেনের উচিত মশাল অন্যের হাতে দেয়া। বাইডেন-ট্রাম্প প্রথম বিতর্ক এবং ট্রাম্পের হত্যা প্রচেষ্টার পর রিপাবলিকান শিবিরে জোয়ার এসেছে। স্পিকার মাইক জনসন বলেছেন, এর প্রভাব আগামী নির্বাচনে পড়বে।
আজ বৃহস্পতিবার মিলওয়াকিতে চারদিনব্যাপী রিপাবলিকান সম্মেলন শেষ হচ্ছে, সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড জে ট্রাম্প এক ভাষণের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে দলের মনোনয়ন গ্রহণ করবেন। মঙ্গলবার তাঁর সাবেক তিন প্রতিদ্ধন্ধী ফ্লোরিডার গভর্নর রণ ডিসান্টিস, নিকি হেলি এবং বিবেক রামস্বামী জোরালো ভাষণ দেন এবং ট্রাম্পের প্রতি উদাত্ত সমর্থন জানান। নিকি হেলি বলেন, বাইডেনকে একটি ভোট দেয়া মানে কমলা হ্যারিসকে ভোট দেয়া। ডিসান্টিস বাইডেনের ইমিগ্র্যান্ট পলিসির তীব্র নিন্দা করে বলেন, ট্রাম্প জিতলে প্রথম দিন দক্ষিণের বর্ডার বন্ধ হয়ে যাবে। এরআগে সোমবার ট্রাম্প তার ভাইস-প্রেসিডেন্ট হিসাবে ওহাইও’র সিনেটর জেডি ভ্যান্সকে মনোয়ন দেন্। বুধবার তিনি মূল ভাষণ দেন্। একই দিন ভ্যান্স পত্নী উষা ভ্যান্স, ট্রাম্প-পুত্র ডোনাল্ড ট্রাম্প জুনিয়র ভাষণ দেন।
রিপাবলিকান সম্মেলনের মধ্যে দিয়ে ট্রাম্প-ভ্যান্স জুটির যাত্রা শুরু। তৃতীয় দিন বুধবার সাবলীল-হাস্যোজ্জ্বল জেডি ভ্যান্স ভাইস-প্রেসিডেন্ট হিসাবে দলের মনোনয়ন গ্রহণ করেন। তিনি বলেন, ‘উই লাভ দিস কান্ট্রি, এন্ড উই আর ইউনাইটেড টু উইন’। ডানকানে ব্যান্ডেজ পরে ট্রাম্প তার ভাইস-প্রেসিডেন্টের ভাষণ শুনছিলেন এবং প্রশংসাসূচক হাততালি দিচ্ছিলেন। ভ্যান্স তাঁর গ্র্যান্ডমা ও তাঁর মা’র প্রচুর প্রশংসা করেন। পুরো হাউস তাঁর মা-কে স্বাগত জানায়, এবং তিনি আনন্দে আপ্লুত হয়ে পড়েন। ভ্যান্স তার বসের প্রশংসা করতে ভুল করেননি। তিনি স্ত্রীকে পরিচয় করিয়ে দেন্, ক্যামেরা তার ভারতীয় বংশোদ্ভুত স্ত্রী ঊষা-কে দেখায়। জেডি ভ্যান্স প্রায় সকল বিষয়ে সামান্য আলোকপাত করেন, এবং বাইডেনের তীব্র সমালোচনা করতে ভুল করেননি।
এর আগের খবরে বলা হয়: মিলওয়াকিতে রিপাবলিকান সম্মেলনের প্রথম দিনে শ্লোগান ছিলো ‘মেক আমেরিকা ওয়েলদি (ধনী) এগেইন’-এদিনে ট্রাম্পকে আনুষ্ঠানিকভাবে দলের প্রেসিডেন্ট পদপ্রার্থী হিসাবে মনোনয়ন দেয়া হয়। সম্মেলনে যাত্রার প্রাক্কালে ট্রাম্প বলেছেন, শ্যূটার আমায় থামাতে পারেনি। সাংবাদিকদের তিনি বলেন, আমার তো মরে যাওয়ার কথা ছিলো, ঈশ্বর আমায় রক্ষা করেছেন’। ট্রাম্প ক্যাম্পেইন জানায়, হত্যা প্রচেষ্টার পর বৃহস্পতিবার ট্রাম্পের ভাষণ হবে সম্পূর্ণ আলাদা, থাকবে ঐক্যের ডাক। বাইডেন ও ট্রাম্প দু’জনেই ঐক্যের ডাক দিয়েছেন। প্রশ্ন উঠছে, এটি কতক্ষন টিকবে? রবিবার জাতির উদ্দেশ্যে এক ভাষণে প্রেসিডেন্ট বাইডেন বলেন, বুলেট নয়, ব্যালট হোক গণতান্ত্রিক পন্থা।
এফবিআই বলেছে, শ্যূটার টমাস ম্যাথু ক্রূক্স, ২০ একাই এ কর্মটি করেছে, তার গাড়ী ও বাড়ীতে বিস্ফোরক পাওয়া গেছে। বন্দুকটি ১১বছর আগে ২০১৩-তে তার পিতা বৈধভাবে ক্রয় করেছেন। নিরাপত্তা কর্মীরা তার মোটিভ এখনো জানাননি। এ ঘটনায় নিহত হয়েছেন ফায়ার-ফাইটার কোরি কম্পারেটর, ৫০; মারাত্মক আহত হয়েছেন ২জন। লিডিং রিপোর্ট জানায়, নিহত ফায়ার ফাইটারের স্ত্রী প্রেসিডেন্টের সাথে কথা বলতে অস্বীকার করেন, এবং তার কলটি ধরেননি। ট্রাম্প পত্নী ম্যালেনিয়া ট্রাম্প নিরাপত্তা কর্মীদের ধন্যবাদ দিয়ে সবাইকে ঐক্যবদ্ধ হবার আহবান জানিয়েছেন। তিনি বলেন, ট্রাম্পের কিছু হলে আমি ও আমার পুত্রের কি হতো?
ভাইস-প্রেসিডেন্ট পদপ্রার্থী জেডি ভ্যান্সের বয়স মাত্র ৩৯, তিনি ৩য় কনিষ্ঠতম। তার স্ত্রীর নাম উষা চিলুকুড়ি ভ্যান্স, পেশায় একজন এটর্নি। ওয়াশিন্টন পোষ্ট জানায়, গুলীর ৮৬ সেকেন্ড আগে প্রত্যক্ষদর্শী পুলিশকে শ্যূটারের বিষয়ে সতর্ক করেছিলো। এদিকে ফেডারেল আদালতের বিচারক আইনিন ক্যানন ফ্লোরিডায় ট্রাম্পের বিরুদ্ধে আনীত ‘ক্লাসিফাইড ডক্যুমেন্ট’ ফৌজদারি মামলা বাতিল করে দিয়েছেন। আদালত জানায় স্পেশাল কাউন্সিল জ্যাক স্মিথের নিয়োগ অসাংবিধানিক ও অবৈধ, তাই মামলা বাতিল। জ্যাক স্মিথ জানিয়েছেন, তিনি আপিল করবেন। রিপাবলিকানরা এক্ষণে ট্রাম্পের বিরুদ্ধে আনীত সবগুলো মামলা বাতিলের দাবি জানায়। এমনকি, নিউইয়র্কের মামলা যাতে ট্রাম্প দোষী সাব্যস্ত হয়েছেন, সেটিও বাতিলের দাবি উঠেছে।