বাংলাবাজার-শিমুলিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ রেখেছে কর্তৃপক্ষ। নদী পারাপারের অপেক্ষায় শিমুলিয়া ঘাটে আটকা পড়েছে কয়েক শ যাত্রী ও পণ্যবাহী যানবাহন।
পদ্মা নদীতে ঘন কুয়াশার কারণে গতকাল শনিবার (২৩ জানুয়ারি) দিবাগত রাত দেড়টা থেকে সব ধরনের নৌযান চলাচল বন্ধ রাখা হয়।
বিআইডাব্লিউটিসির শিমুলিয়া ঘাটের মেরিন কর্মকর্তা আলী আহমেদ বিষয়টি নিশ্চিত জানান, গতকাল শনিবার মধ্যরাতে কুয়াশার ঘনত্ব তীব্র আকার ধারণ করে। এতে ফেরির দিক নির্দেশক বাতি অস্পষ্ট হয়ে ওঠে। একপর্যায়ে দুর্ঘটনা এড়াতে রাত দেড়টা থেকে ফেরিসহ নৌযান চলাচল বন্ধ রাখা হয়।
আলী আহমেদ আরো জানান, নৌরুটের মোট ১৭টি ফেরি মধ্যে ৫টি ফেরি মাঝ পদ্মা ও বাকিগুলো দুই ঘাটে নোঙর করে রাখা হয়েছে। কুয়াশা কেটে গেলে ফেরিসহ নৌযান চলাচল স্বাভাবিক হবে বলে জানান তিনি।
এদিকে, দীর্ঘ সময় ধরে ফেরি বন্ধ থাকায় ঘাট এলাকায় অপেক্ষমান যানবাহনের দীর্ঘ সারি সৃষ্টি হয়েছে।