আরব আমিরাতের বিভিন্ন রাস্তায় বাংলাদেশ সরকারের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে বিক্ষোভের ডাক দেয়ার অভিযোগে ৫৭ জন বাংলাদেশির বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে আবু ধাবির ফেডারেল আপিল কোর্ট।
আরব আমিরাতের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ডাব্লিউএএম জানিয়েছে, ৫৭ জনের মধ্যে তিনজনকে যাবজ্জীবন দেওয়া হয়েছে। বাকিদের মধ্যে ৫৩ জনকে ১০ বছরের জেল আর একজনকে অবৈধভাবে আরব আমিরাতে থাকায় এক বছর অতিরিক্ত কারাদণ্ড দেওয়া হয়েছে। অর্থাৎ, তাকে কারাগারে থাকতে হবে ১১ বছর। কারাদণ্ড শেষে সবাইকে বাংলাদেশে ফেরত পাঠানোর আদেশও দিয়েছেন আবু ধাবির আদালত।
ডাব্লিউএএম জানিয়েছে, বেশ কয়েকজন অভিযুক্ত তাদের বিরুদ্ধে আনা অভিযোগ স্বীকার করেছেন।
আরব আমিরাতের অ্যাটর্নি জেনারেল ড. হামাদ সাইফ আল শামসি বিভিন্ন শহরের রাস্তায় বিক্ষোভ করা বাংলাদেশিদের বিরুদ্ধে অভিযোগ তদন্তের নির্দেশ দেন। ৩০ জন তদন্তকারীর একটি দল এই ঘটনা তদন্ত করার পর আটক বাংলাদেশিদের বিচার শুরু হয়।
আটক হওয়া বাংলাদেশিদের বিরুদ্ধে প্রকাশ্যে জড়ো হওয়া, অস্থিরতা ছড়িয়ে দেওয়া, জননিরাপত্তা হুমকিতে ফেলা, জমায়েত ও বিক্ষোভের প্রচারণা চালানো এবং এসব কর্মকাণ্ডের ছবি ও ভিডিও ধারণ করা ও অনলাইনে ছড়িয়ে দেওয়ার অভিযোগ ছিল।