দেশের প্রশাসনিক প্রাণকেন্দ্র বাংলাদেশ সচিবালয়ের ৭ নম্বর ভবনে লাগা আগুন ভয়াবহ রূপ নিয়েছে। তিন ঘণ্টার বেশি সময় ধরে ফায়ার সার্ভিসের ১৮টি ইউনিট চেষ্টার পরও আগুন নিয়ন্ত্রণে আসেনি।
বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) মধ্যরাতে সচিবালয়ের ৭ নম্বর ভবনে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। প্রথমে রাত ১টা ৫৪ মিনিট থেকে সচিবালয়ে অবস্থিত ফায়ার সার্ভিসের ইউনিট আগুন নিয়ন্ত্রণে চেষ্টা করে তবে আগুনের তীব্রতা বেড়ে যাওয়ায় পর্যায়ক্রমে ১৮ ইউনিট ঘটনাস্থলে পৌঁছে।
সরেজমিনে দেখা গেছে, সেগুনবাগিচা-পুরানা পল্টনের সচিবালয় এলাকা কালো ধোঁয়ায় ঢেকে গেছে। আশেপাশের সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে। ঘটনাস্থলে সেনাবাহিনী, পুলিশ ও আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) বিপুল সংখ্যক সদস্য উপস্থিতি হয়ে ফায়ার সার্ভিসের সদস্যদের আগুন নেভাতে সহায়তা করছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, ফায়ার সার্ভিসের একজন সদস্য বিকল্প পানির ব্যবস্থা করছিলেন। এ সময় তিনি পাইপ কাঁধে নিয়ে রাস্তা পার হচ্ছিলেন। হঠাৎ একটি দ্রুতগামী কাভার্ডভ্যান পেছন থেকে তাকে ধাক্কা দিলে তিনি রাস্তায় পড়ে যান। মাথায় পরা হেলমেটটি সঙ্গে সঙ্গে খুলে যায় এবং রাস্তায় রক্তের দাগ দেখা যায়। পরে গণপূর্ত ভবনের সামনে দিয়ে ওই কাভার্ডভ্যানচালক দ্রুত গতিতে পালিয়ে যাচ্ছিল। শিক্ষার্থীরা সামনে গিয়ে ব্যারিকেড দিলে চালক কাভার্ডভ্যান থামান। পরে তাকে মোটরসাইকেলে করে তুলে নিয়ে এসে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের কাছে হস্তান্তর করেন শিক্ষার্থীরা। এ সময় উত্তেজিত মানুষজন চালককে মারতে উদ্যত হন, কিন্তু সেনাসদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
আহত কর্মীর বিষয়ে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাফি আল ফারুক জানান, সড়ক দুর্ঘটনায় আহত ফায়ার সার্ভিস সদস্যকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার চিকিৎসা চলছে।
সাত নম্বর ভবনে রয়েছে যেসব মন্ত্রণালয়—
প্রাথমিকভাবে জানা যায়, সচিবালয়ের ৭ নম্বর ভবনে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়সহ বিভাগের অফিস রয়েছে। সেগুলো হলো:
* পানি সম্পদ মন্ত্রণালয়
* যুব ও ক্রীড়া মন্ত্রণালয়
* ডাক, টেলিযোগাযোগ ও তথ্য-প্রযুক্তি মন্ত্রণালয়
* ডাক ও টেলিযোগাযোগ বিভাগ
* স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়
* স্থানীয় সরকার বিভাগ
* পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ
* শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়
* অর্থ মন্ত্রণালয়
* অর্থ বিভাগ
* আর্থিক প্রতিষ্ঠান বিভাগ
* অভ্যন্তরীণ সম্পদ বিভাগ
* সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়
* সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ





