বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলনর প্রাক্কালে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়

বিশেষ প্রতিনিধিঃ বাংরাদেশ পূজা উদযাপন পরিষদের  সভাপতি জয়ন্ত সেন দীপুর সভাপতিত্বে মতবিনিময় সভায় লিখিত বক্তব্য সংগঠনের সাধারণ সম্পাদক অ্যড. তাপস কুমার পাল বলেন, ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী ও শারদীয় দুর্গোৎসবের প্রাক্কালে সাংবাদিক বন্ধুদের সঙ্গে মতবিনিময় এই অঙ্গনে এক নিয়মিত ধারায় পরিণত হয়েছে। এবার বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের দ্বিবার্ষিক সম্মেলনের প্রাক্কালে আপনাদের সঙ্গে মতবিনিময়ের আয়োজন করা হয়েছে এ কারণে যে, আর মাত্র সাত মাস পরেই একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এই প্রেক্ষাপটে বাংলাদেশের পূজা কমিটিসমূহের কেন্দ্রীয় সংগঠন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের এই সম্মেলন যথেষ্ট গুরুত্ব বহন করে। আপনাদের সাথে মতবিনিময় যেমন জন্মাষ্টমী ও শারদীয় দুর্গোৎসব আয়োজনে আমাদের সহায়তা করে, নানা সমস্যা উঠে আসে, আলোচনা হয় এবং আপনাদের মাধ্যমে সংবাদ মাধ্যম তা জাতির সামনে তুলে ধরে, আমরা চাই বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের এই সম্মেলনের ব্যাপারে আপনাদের সাথে আলোচনাও একই আঙ্গিক বহন করুক।

তিনি আরো বলেন যে, আপনারা অবশ্যই অবগত আছেন যে, বাংলাদেশ পূজা উদযাপন  পরিষদ নেহাতই একটি পূজাভিত্তিক সংগঠন নয়। ন’মাসের রক্তক্ষয়ী লড়াইয়ে স্বাধীন ও ধর্মনিরপেক্ষ-গণতান্ত্রিক বাংলাদেশের অভ্যুদয়ের পর, জাতি যখন ধ্বংসস্তুপের মধ্য থেকে উঠে দাঁড়াচ্ছিল এবং মুক্তিযুদ্ধের চেতনা ও মূল্যবোধ প্রতিষ্ঠায় এগিয়ে যাচ্ছিল, তখনই জাতির জনক, স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করা হয়। পরাজিত ধর্মান্ধ ও সাম্প্রদায়িক শক্তি ক্ষমতা দখল করে, মুক্তিযুদ্ধের বাংলাদেশকে পাকিস্তানি ধারায় ফিরিয়ে নিয়ে যাওয়ার ষড়যন্ত্র শুরু হয়। ধর্মীয় সংখ্যালঘুরা বিশেষ করে হিন্দুরা পাকিস্তানি আমলের মতোই এক সাম্প্রদায়িক পরিস্থিতির মুখোমুখি হয়। শত্রু (অর্পিত) সম্পত্তি আইন প্রয়োগ করে হিন্দুদের জায়গাজমি, দেবোত্তর সম্পত্তি ও শ্মশান দখল শুরু হয়ে যায়। সংবিধান থেকে অন্যতম মূলনীতি ধর্মনিরপেক্ষতা বাতিল করে বাংলাদেশকে এক সাম্প্রদায়িক রাষ্ট্রে পরিণত করা হয়। শঙ্কিত হিন্দু সম্প্রদায়ের মানুষ দলে দলে দেশত্যাগ করতে শুরু করে। এই অবস্থায় হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ ও বিশিষ্টজনেরা সংগঠিত হন, ১৯৭৮ সালে ঢাকায় প্রতিষ্ঠিত হয় মহানগর সার্বজনীন পূজা কমিটি। দেশের বিভিন্ন স্থানে হিন্দুরা পূজা কমিটির মাধ্যমে নিজ নিজ এলাকায়ও  সংগঠিত হতে শুরু করেন। এরই ধারাবাহিকতায় প্রতিষ্ঠিত হয় বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ। বলা বাহুল্য, ধর্মীয় সংগঠন হলেও পূজা উদযাপন পরিষদ মুক্তিযুদ্ধের মূল ধারার একটি অধিকারকামী সংগঠন। আজ সময়ের তাগিদে সারাদেশে তৃণমূল পর্যায়ে এই সংগঠন বিস্তৃত হয়েছে।

অ্যড. তাপস কুমার পাল আরো বলেন, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সাংগঠনিক ইতিহাস পুনর্বার তুলে ধরার মূল কারণ হচ্ছে দেশব্যাপী সাম্প্রদায়িক পরিস্থিতি, ধর্মান্ধ শক্তির উত্থান এবং একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে অনুষ্ঠিত হচ্ছে পরিষদের দ্বিবার্ষিক সম্মেলন। আপনারা জানেন, বাংলাদেশের ৪৭ বছরের ইতিহাসে একমাত্র ২০০৮ সাল ছাড়া আর কোনও নির্বাচনে হিন্দুরা শান্তিতে ভোট দিতে পারেনি। অন্য সব নির্বাচনের পূর্বাপর হিন্দুরা হামলা ও নির্যাতনের শিকার হয়েছে। এ ক্ষেত্রে জয়ী দল ও পরাজিত দল উভয়ই সহিংসতায় নেমে পড়ে। ২০০১ সালের সহিংসতা বাংলাদেশের ইতিহাসে এক ভয়াবহ কালো অধ্যায় রচনা করেছিল যার ক্ষত আজও মুছে যায়নি। অতীতের অভিজ্ঞতার কারণে ইতোমধ্যে সংখ্যালঘু বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের মধ্যে গভীর শঙ্কা ও উদ্বেগ তৈরি হয়েছে। অন্যদিকে সাম্প্রদায়িক হামলা, নির্যাতন ও সম্পত্তি জবরদখলের ঘটনাও বেড়েছে। অতি সাম্প্রতিক কিছু ঘটনা আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন। তার অন্যতম হচ্ছে, জামালপুরে দুটি ঐতিহাসিক, স্থাপত্যশিল্পের অনন্য নিদর্শন হিসেবে পরিগণিত মন্দিরের দেবোত্তর সম্পত্তি দখল করে সাংস্কৃতিক পল্লী প্রতিষ্ঠার সিদ্ধান্ত ঘোষিত হয়েছে। ধর্ম, সংস্কৃতি ও লোকজ ধারা আমাদের চিরায়ত সাংস্কৃতিক ঐতিহ্যের ভিত্তি। আমরা প্রশ্ন করতে চাই, এই দুই মন্দির কি সাংস্কৃতিক পল্লীর অংশ হতে পারে না , যার স্থাপত্যশিল্প গোটা উপমহাদেশের গর্ব বলে বিবেচিত হয়েছে ?

এরকম অসংখ্য ঘটনা সাম্প্রতিক সময়ে ঘটেছে। এই ক্ষুদ্র পরিসরে সব তুলে ধরা সম্ভব নয়। সংবাদ মাধ্যমে প্রতিনিয়ত এই নির্যাতন নিপীড়ন ও জবরদখলের ঘটনা প্রকাশিত হচ্ছে। আমরা এ ব্যাপারে আপনাদের কাছে কৃতজ্ঞ। বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের এই সম্মেলনের মাধ্যমে আমরা হিন্দু সম্প্রদায়ের এই শঙ্কা ও উদ্বেগ ব্যক্ত করতে চাই।

তিনি বলেন যে, আমরা আগেই বলেছি, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ পূজা আঙ্গিকের প্রতিষ্ঠান হলেও  প্রতিষ্ঠালগ্ন থেকে সম-অধিকার, বাহাত্তরের ধর্মনিরপেক্ষ-গণতান্ত্রিক সংবিধান পুনঃপ্রতিষ্ঠা, অসাম্প্রদায়িক সমাজ গড়ে তোলার জন্যে মুক্তিযুদ্ধের মূল ধারার পরিপূরক সংগঠন হিসেবে কাজ করে আসছে। আমাদের উদ্বেগ ও শঙ্কা দূর না হলে ধর্মনিরপেক্ষ –গণতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠিত হতে পারে না। এ ব্যাপারে সরকার, সব রাজনৈতিক দল ও বুদ্ধিজীবী  সমাজ, বিশেষ করে মুক্তিযুদ্ধের শক্তিকে মুখ্য ভূমিকা পালন করতে হবে। সমাজের একটি বড় অংশকে বাদ দিয়ে দেশ এগুতে পারে না। গণতান্ত্রিক ধারা শক্ত ভিত্তি পাবে না।

অ্যড. তাপস কুমার পাল বলেন, ১৮ ও ১৯ মে শুক্রবার ও শনিবার বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সম্মেলন আয়োজন করতে হয়েছে অনেকটা পরিস্থিতির কারণে। আমাদের সম্মেলন ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশনে নির্ধারিত হয়েছিল ১১ ও ১২ মে। কিন্তু বাংলাদেশ ছাত্রলীগের সম্মেলন পরবর্তী সময়ে এই তারিখেই নির্ধারিত হওয়ায়, তাদের অনুরোধে আমাদের সম্মেলনের তারিখ বাধ্য হয়ে পিছিয়ে আনতে হয়েছে। ১৮ মে ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন মিলনায়তনে  উদ্বোধনী অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশে নিযুক্ত মাননীয় ভারতীয় হাই কমিশনার শ্রী হর্ষ বর্ধন শ্রিংলা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সড়ক, যোগাযোগ ও সেতু মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব ওবায়দুল কাদের এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী শ্রী নারায়ণ চন্দ্র চন্দ এমপি এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী ড. শ্রী বীরেন শিকদার এমপি। ১৯ মে কাউন্সিল অধিবেশন হবে ঢাকেশ্বরী জাতীয় মন্দির মেলাঙ্গনে। কাউন্সিল অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব আসাদুজ্জামান খান কামাল এমপি। সম্মেলন উপলক্ষে ধর্মীয় পবিত্রতা যাতে কোনোভাবে ক্ষুন্ন না হয়, আমরা সে ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেছি। প্রত্যন্ত অঞ্চল থেকে সম্মেলনে যোগ দিতে আসছেন আমাদের বিপুল সংখ্যক নেতা-কর্মী। তাদেরও এ বিষয়ে অবহিত করা হয়েছে।

এছাড়া মতবিনিময়ে উপস্থিত ছিলেন মঞ্জু ধর, মিলন কান্তি দত্ত, ড. চন্দ্রনাথ পোদ্দার, বিপ্লব দে, সুখেন্দু বৈদ্য, মতিলাল রায়, প্রাণতোষ আচার্য শিবু প্রমুখ।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।