বিশেষ প্রতিবেদক : বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যে একটি চুক্তি ও ১৩টি সমঝোতা স্মারক সই হয়েছে।
আজ শুক্রবার সকালে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শ্রীলঙ্কার প্রেসিডেন্ট মাইথ্রিপালা সিরিসেনার উপস্থিতিতে দুই দেশের প্রতিনিধিরা এসব চুক্তি ও সমঝোতা স্মারকে সই করেন।
এর আগে সকালে শ্রীলঙ্কার প্রেসিডেন্ট মাইথ্রিপালা সিরিসেনা প্রধানমন্ত্রীরকার্যালয়ে পৌঁছালে শেখ হাসিনা তাঁকে অভ্যর্থনা জানান। পরে দুই নেতা দ্বিপক্ষীয় বৈঠকে বসেন। বৈঠকের পরই দ্বিপক্ষীয় চুক্তি ও সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়।তিন দিনের সরকারি সফরে গতকাল বৃহস্পতিবার ঢাকায় পৌঁছান শ্রীলঙ্কার প্রেসিডেন্ট। বিমানবন্দরেতাঁকে লালগালিচা অভ্যর্থনা জানানো হয়।
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ মন্ত্রিপরিষদের জ্যেষ্ঠ সদস্যদের নিয়ে শ্রীলঙ্কার প্রেসিডেন্টকে উষ্ণ অভ্যর্থনা জানান।
গতকাল বিকেলে সাভারে জাতীয় স্মৃতিসৌধেপুষ্পস্তবক অর্পণ করে ১৯৭১ সালের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান মাইথ্রিপালা সিরিসেনা।পরে শ্রীলঙ্কার প্রেসিডেন্ট ধানমণ্ডিতে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর পরিদর্শন করেন এবং সেখানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে তাঁর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন।পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী সন্ধ্যায় শ্রীলঙ্কার প্রেসিডেন্টের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।
এর আগে জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী, বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ এবং স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম তাঁর সঙ্গে সাক্ষাৎ করেন।শ্রীলঙ্কার প্রেসিডেন্ট বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়, এমসিসিআই এবং বিআইডিএর আয়োজনে বাংলাদেশ-শ্রীলঙ্কা যৌথ ব্যবসায়িক সংলাপে আজ যোগ দেবেন।
আজ সন্ধ্যায় শ্রীলঙ্কার প্রেসিডেন্ট বঙ্গভবনে রাষ্ট্রপতি আবদুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। সেখানে তিনি রাষ্ট্রপতির দেওয়া নৈশভোজে অংশ নেবেন এবং সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করবেন। রীতি অনুযায়ী তিনি রাষ্ট্রপতিরবাসভবনে ক্রেডেনশিয়াল হলে রক্ষিত পরিদর্শক বইয়ে স্বাক্ষর করবেন।২০১৫ সালের জানুয়ারিতে অনুষ্ঠিত নির্বাচনের পর সিরিসেনার এটিই প্রথম বাংলাদেশ সফর। তবে কর্মকর্তারা জানান, সিরিসেনা এর আগে শ্রীলঙ্কার স্বাস্থ্যমন্ত্রী হিসেবে ২০১৩ ও ২০১৪ সালে বাংলাদেশ সফর করেছেন। তিন দিনের সফর শেষে শনিবার দুপুর ১টায় কলম্বোর উদ্দেশে তিনি ঢাকা ত্যাগ করবেন। পররাষ্ট্রমন্ত্রী তাঁকে বিমানবন্দরে বিদায় জানাবেন।




