বাংলাদেশ ও নেপালের মধ্যে পরীক্ষামূলক বাস চলাচল শুরু

বিশেষ প্রতিবেদকঃ নেপালের রাজধানী কাঠমান্ডুর সঙ্গে সরাসরি সড়ক যোগাযোগ চালুর লক্ষ্যে বাংলাদেশ থেকে দুটি বাস পরীক্ষামূলক যাত্রায় রওনা হয়েছে। সোমবার সকাল ৯টার দিকে কমলাপুরে বিআরটিসির আন্তর্জাতিক বাস টার্মিনাল থেকে বিআরটিসির তত্ত্বাবধানে শ্যামলী এন আর পরিবহনের বাস দুটি নেপালের উদ্দেশে ছেড়ে যায়।

সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের যুগ্মসচিব এহসান এ এলাহী জানান, বিআরটিসির চেয়ারম্যানের নেতৃত্বে মোট ৪৪ জন এ যাত্রায় কাঠমান্ডু যাচ্ছেন। তিনি নিজেও আছেন প্রতিনিধি দলে।‘বাংলাদেশ থেকে বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থার ২৫ জন যাত্রী আছি আমরা। এছাড়া ভারতের ১১ জন, নেপালের ছয়জন এবং এশীয় উন্নয়ন ব্যাংকের দুই জন আছেন।’

তিনি আরও বলেন-সোমবার রাত রংপুরে কাটিয়ে সেখান থেকে তারা যাবেন শিলিগুড়ি। শিলিগুড়ি থেকে গিয়ে নেপালের কাঁকরভিটার কাছে হবে মঙ্গলবার রাতের যাত্রাবিরতি। ২৬ তারিখে কাঠমান্ডু পৌঁছাবে বাসটি। ২৭ এপ্রিল কাঠমান্ডুতে ত্রিদেশীয় প্রতিনিধি দলের বৈঠক হওয়ার কথা রয়েছে।

ঢাকা থেকে কাঠমান্ডুর দূরত্ব সড়কপথে ১ হাজার ১০০ কিলোমিটার। এই দীর্ঘপথের অভিজ্ঞতা বিনিময়ের পাশাপাশি এই রুটে নিয়মিত বাস চলাচলের সম্ভাব্যতা যাচাই, ভাড়া নির্ধারণসহ বিভিন্ন বিষয়ে আলোচনার জন্যই প্রথম দলটি সড়কপথে কাঠমান্ডু যাচ্ছেন।

জানা গেছে, বাংলাদেশ, ভুটান, ভারত ও নেপালের (বিবিআইএন) মধ্যে সড়কপথে যাত্রী পরিবহনে থিম্পুতে ২০১৫ সালে একটি চুক্তি হয়। কিন্তু ভুটান চুক্তি থেকে সরে গেলে বিষযটি অনিশ্চিত হয়ে পড়ে। পরে ভুটানকে বাদ রেখে বাকি তিন দেশের মধ্যে যাত্রীবাহী বাস পরিচালনার উদ্যোগ নেয়া হয়।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।