বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার চক্রান্ত

বিশেষ প্রতিবেদকঃ বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার এক গভীর চক্রান্ত চলছে বলে উল্লেখ করেছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে গণমাধ্যমে পাঠানো এক বাণীতে তিনি এ কথা বলেন।

বাণীতে সাবেক এই প্রধানমন্ত্রী বলেন, ‘লাখো শহীদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত আমাদের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে বিপন্ন করার অপতৎপরতায় লিপ্ত দেশি-বিদেশি চিহ্নিত মহল।’

সমগ্র জাতিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে খোলেদা জিয়া বলেন, ‘মহান স্বাধীনতা ও জাতীয় দিবস আমাদের জাতীয় জীবনে এক গৌরবোজ্জ্বল সোনালি দিন। এ দিনে বিশ্ব মানচিত্রে দেশমাতৃকার স্বাধীন সত্তা ফুটে উঠেছিল।’

খালেদা জিয়া বলেন, ‘এ মহান দিনে আমি শ্রদ্ধা জানাই স্বাধীনতা যুদ্ধের বীর শহীদদের স্মৃতির প্রতি, যাঁদের আত্মত্যাগে আমরা অর্জন করেছি স্বজাতির মুক্তি। স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানসহ সব জাতীয় নেতার স্মৃতির প্রতি আমি জানাই গভীর শ্রদ্ধা।’

তিনি বলেন, ‘স্মরণ করি সেইসব বীর মুক্তিযোদ্ধার অবদানের কথা, যাঁদের নয় মাস জীবন-মরণ লড়াইয়ে অর্জিত হয়েছে স্বাধীনতা। আমি শ্রদ্ধাভরে স্মরণ করছি সেসব মা-বোনের কথা, যাঁরা মাতৃভূমির স্বাধীনতার জন্য চরম ত্যাগ স্বীকার করেছেন। আমাদের হাজার বছরের ইতিহাসে শ্রেষ্ঠ অর্জন স্বাধীনতা, যা সংগ্রাম আর যুদ্ধের রক্তস্নাত পথে বিশ্ব মানচিত্রে উদ্ভাসিত হয় দেশমাতৃকার মুক্তি।’

বিএনপি চেয়ারপারসন বলেন, ‘এ দিনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেছিলেন। সেদিন জাতীয় নেতৃত্বের অনুপস্থিতিতে তাঁর ঘোষণায় দিশেহারা জাতি পেয়েছিল মুক্তিযদ্ধে ঝাঁপিয়ে পড়ার অভয়মন্ত্র। ফলে দীর্ঘ নয় মাস ইতিহাসের এক ভয়ংকর রক্তক্ষয়ী যুদ্ধের পর আমরা প্রিয় মাতৃভূমির স্বাধীনতা অর্জনে সক্ষম হই।’

বিএনপির চেয়ারপারসন বলেন, ‘একটি শোষণ, বঞ্চনাহীন গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে এ দেশের মানুষ একাত্তরের মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছে। নানা কারণে আমরা সে লক্ষ্যে অর্জনে সক্ষম হইনি। বারবার ফ্যাসিবাদী, স্বৈরাচারী শক্তি আমাদের সে লক্ষ্য পূরণ করতে দেয়নি। দেশি-বিদেশি চক্রান্তের ফলে আমদের গণতান্ত্রিক পথচলা বারবার হোঁচট খেয়েছে। বিঘ্নিত হয়েছে আমাদের অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনের প্রচেষ্টা। দুর্বল করা হয়েছে আমাদের রাষ্ট্রীয় সার্বভৌমত্বকে।’

খালেদা জিয়া বলেন, ‘এখন দেশবিরোধী নানা অসম চুক্তির মহড়া চলছে। এ বিষয়ে আমাদের সতর্ক থাকতে হবে। সব ষড়যন্ত্র চক্রান্ত প্রতিহত করে মাতৃভূমির স্বাধীনতা সুরক্ষা এবং গণতন্ত্রের পতাকাকে সমুন্নত রাখতে আমাদের সকলকে সজাগ ও সতর্ক থাকতে হবে। গড়ে তুলতে হবে সুদৃঢ় জাতীয় ঐক্য।’

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।