বরিশাল থেকে ফিরে এসে মো. আবুল হোসেন ॥ আমি লঞ্চযোগে বরিশাল যাই অফিসিয়াল কিছু জরুরি কাজকর্মের তাগিদে। ওখানকার কাজকর্ম সেরে নথুল্লাবাদ মাইক্রো স্ট্যান্ডে এসে পৌঁছি দুপুর ১২.৩০ মিনিটের সময়। এসে দেখি নথুল্লাবাদ বাসস্ট্যান্ডের কাছাকাছি বিশ্বরোডে দাঁড়িয়ে আছে অসংখ্য মাইক্রো।
যাত্রী ডাকাডাকি করছে মাওয়ার কাওড়াকান্দি ছেড়ে যাবার উদ্দেশে। আমি মাইক্রোতে ওঠার সাথে সাথেই ২০০ টাকা ভাড়া আদায় করে নিল দায়িত্ব পালনকারী এক ব্যক্তি। মাইক্রোর সিটে বসে অবুঝ শিশুর মতো পঙ্গু সেজে গেলাম।
ডানে-বামে নড়াচড়া করার সুযোগ নেই কিঞ্চিৎ মাত্র। পায়ের গিটগুলো লেগে আছে সামনের সিটের সাথে। সামনের সিটে বসা যাত্রীদেরও সোজা হয়ে বসতে হয়। কোনোরকম নড়াচড়া করলে পিছনের সিটে বসা যাত্রীদের দুর্ভোগে পড়তে হয়।
কিছুক্ষণ পরই মাইক্রো ছাড়ল কাওড়াকান্দির উদ্দেশে। কাওড়াকান্দি পৌঁছতে সময় লাগলো ২ থেকে আড়াই ঘন্টা। ৩টার দিকে এসে পৌঁছি কাওড়াকান্দি। ওই মাইক্রোতে স্বাভাবিকভাবে সিট থাকার কথা বড় জোর ১১টা।
মাইক্রো মালিকরা নিজেদের উদ্যোগে মাইক্রোতে সিট সংখ্যা বানিয়েছে ১৬ জনের। বেশি রোজগারের আশায় এ উদ্যোগ মালিকদের। এ মাইক্রোতে না চড়ে নিজে নিজে বাইসাইকেল চালিয়ে আসলেও মনে হয় এত কষ্ট ভোগ করতে হতো না!
এ যেন মাইক্রো নয়, যাত্রীদের জন্য মরণফাঁদ বলেই আমার কাছে মনে হচ্ছে!
কাওড়াকান্দি-মাওয়া লঞ্চ কর্মচারীদের প্রতারণা : সি-বোট চালক যাত্রী ডাকাডাকি করছে আসেন ভাই, আসেন, সি-বোটে মাওয়া সত্তর টাকা ভাড়া। কাওড়াকান্দি লঞ্চ ঘাট থেকে উঠলাম সি-বোটে। সি-বোটে ওঠার পর লঞ্চে দায়িত্ব পালনকারী তিন ব্যক্তি সি-বোট যাত্রীদের কাছ থেকে ৩৫ টাকা করে ভাড়া আদায় করলো।
তাদের কাছে জিজ্ঞেস করলাম এটা আবার কীসের ভাড়া ভাই? তারা জবাব দিলো মাওয়া যাওয়ার জন্য লঞ্চ ভাড়া। লঞ্চে মাওয়া আসলাম না, আসলাম সি-বোটে, কিন্তু লঞ্চের ভাড়াও দিতে হলো। লঞ্চের পল্টুন ব্যবহারের জন্য যাত্রীদের কাছ থেকে বড় জোর ৫ টাকা ভাড়া দাবি করতে পারতো।
তারা জোর-জবরদস্তি করেই ৩৫ টাকা আদায় করলো প্রতিটি যাত্রীর কাছ থেকে। লঞ্চ কর্মচারিদের এ ধরনের আচরণ প্রতারণার সামিল বলে সি-বোটের যাত্রীরা জানান। যাত্রীরা ক্ষোভ প্রকাশ করে বলেন, এ ব্যাপারে আইন প্রয়োগকারী সংস্থার কাছে নালিশ দিয়েও কোনো ফল পাওয়া যাবে না। কারণ, তারা এই প্রতারক চক্রের সাথে জড়িত।