প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী বলেছেন, প্রবাসীগণ দুর্যোগ ক্রান্তিলগ্নে মানুষের পাশে থেকে প্রকৃত বন্ধুর কাজ করছেন। তাঁরা বন্যার শুরু থেকেই সরকারের পাশাপাশি বন্যার্তদের পাশে দাঁড়িয়ে মানবতার পরিচয় দিয়েছেন।
শুক্রবার (১২ জুলাই) সিলেটের খাজাঞ্চি ইউনিয়নে ত্রাণ বিতরণকালে তিনি একথা বলেন।
বিপদ আপদে যে প্রতিবেশী সহযোগিতার হাত বাড়ায়, পাশে দাঁড়ায়, সেই প্রকৃত শুভাকাঙ্ক্ষী উল্লেখ করে শফিকুর রহমান চৌধুরী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বন্যায় ক্ষতিগ্রস্তদের প্রতিনিয়ত খোঁজ-খবর রাখছেন। ক্ষতিগ্রস্ত সিলেটবাসীর জন্য পর্যাপ্ত ত্রাণ ও অর্থ বরাদ্দ দিয়েছেন। পানি না কমা পর্যন্ত প্রধানমন্ত্রী ত্রাণ সহায়তা অব্যাহত রাখবেন বলে বন্যায় ক্ষতিগ্রস্তদের আশ্বস্ত করেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন সিলেট জেলা আওয়ামী লীগের সহসভাপতি অ্যাডভোকেট শাহ মোশাহিদ আলী, বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুক আহমদ, সহসভাপতি সমছু মিয়া, যুগ্ম সম্পাদক মুকদ্দুস আলীসহ স্থানীয় রাজনৈতিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের নেতাকর্মীবৃন্দ এবং প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

