× Banner
সর্বশেষ
সাড়ে চারশ’ বছরের পুরনো মন্দিরে বাৎসরিক কালীপূজা আজ শনিবার অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে আছে বর্তমান সরকার -পার্বত্যমন্ত্রী ঐক্যবদ্ধভাবে কাজ করলে দেশকে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে দেওয়া সম্ভব -প্রধানমন্ত্রী সড়ক দুর্ঘটনা রোধ ও সড়কে সার্বিক নিরাপত্তা বৃদ্ধিতে আশু কর‌ণীয় নির্ধারণ বিষয়ে সভা জাতীয় চিড়িয়াখানায় আকস্মিক পরিদর্শনে প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী তারেক রহমানের মানবিক রাজনীতি ও লিগ্যাসি বিশ্বজুড়ে বিরল -ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী তুরস্ক সম্মেলনে শক্তিশালী গণমাধ্যম ও প্রাতিষ্ঠানিক ব্যবস্থা গড়ে তোলার আহ্বান তথ্য ও সম্প্রচার মন্ত্রীর টেষ্টে টাকা কম নেওয়ার সুপারিশ করায় চিকিৎসকের ওপর হামলা বিশ্ব বাণিজ্য সংস্থার সংস্কারে সতর্কতা অবলম্বনের আহ্বান বাণিজ্যমন্ত্রীর বাংলাদেশ দূতাবাস রোমে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত

ডেস্ক

বন্ধ রপ্তানি তবুও চড়া ইলিশের দাম

Kishori
হালনাগাদ: বুধবার, ৪ সেপ্টেম্বর, ২০২৪

বন্ধ করা হয়েছে ভারতে ইলিশ রপ্তানি। তবুও দেশের বাজারগুলোতে চড়া দামে বিক্রি হচ্ছে মাছটি। রপ্তানি বন্ধের সিদ্ধান্তে দাম কমেছে মনে করে ক্রেতারা বাজারে ইলিশ কিনতে গিয়ে বিমুখ হচ্ছে। বিক্রেতারা বলছেন, এখন ইলিশের ভরা মৌসুম থাকলেও নদী ও সাগরে পর্যাপ্ত ইলিশ ধরা পড়ছে না।

রাজধানীর কারওয়ান বাজার, রামপুরা, বাড্ডা কাঁচাবাজার ও জোয়ারসাহারা বাজার ঘুরে দেখা গেছে, দেড় কেজি ওজনের ইলিশ প্রতি কেজি মানভেদে এক হাজার ৮০০ থেকে দুই হাজার টাকা, এক কেজি ওজনের ইলিশ মানভেদে এক হাজার ৪০০ থেকে এক হাজার ৬০০ টাকা, ৫০০ থেকে ৬০০ গ্রাম ওজনের প্রতি কেজি ইলিশ মানভেদে ৯০০ থেকে এক হাজার ১০০ টাকা এবং ২৫০ গ্রাম ওজনের ইলিশ প্রতি কেজি ৭০০ থেকে ৭৫০ টাকায় বিক্রি হচ্ছে।

বাজারে ইলিশের চড়া দাম নিয়ে ক্রেতারা নাখোশ। বাড়তি দামের কারণে সারা বছর ইলিশ খেতে পারেনা সাধারন মানুষ। এ জন্য ইলিশের মৌসুমে দাম কমার আশায় থাকে তারা। কিন্তু এবার বাজারে দুই কেজি গরুর মাংসের সমান এক কেজি ইলিশের দাম। প্রাকৃতিক উৎস থেকে পাওয়া এই ইলিশের আকাশচুম্বী দাম হওয়ার কোনো কারণ নেই।

মাছ ধরা থেকে শুরু করে বাজার পর্যন্ত বড় সিন্ডিকেট কাজ করছে।

কারওয়ান বাজারের ইলিশ বিক্রেতা মো. হৃদয় বলেন, এবার ভরা মৌসুমেও বাজারে পর্যাপ্ত ইলিশ আসছে না। বাজারে এখন ইলিশের যে পরিমাণ চাহিদা, সে অনুযায়ী সরবরাহ নেই। এতে ইলিশের দাম কমছে না।

জোয়ার সাহারা বাজারের ইলিশ মাছ বিক্রেতা শিপন বর্মণ বলেন, দাম বাড়তি থাকলেও এ বছর ইলিশের চাহিদা বেশি। চাহিদার তুলনায় বাজারে ইলিশের সরবরাহ অনেকটাই কম বলে দাম বেশি।

দেশের মানুষের চাহিদা মিটিয়ে এরপর ইলিশ মাছ বিদেশে রপ্তানি করা হবে জানিয়ে সম্প্রতি মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেন, দেশের মানুষ যাতে ইলিশ মাছ পায় এবং দাম কমে, সেই উদ্যোগ নেওয়া হয়েছে। দেশের মানুষ ইলিশ পাবে না আর রপ্তানি হবে—সেটা হতে পারে না। স্বল্প আয়ের মানুষের ধরাছোঁয়ার বাইরে চলে যাওয়া ইলিশের দাম নাগালের মধ্যে নিয়ে আসারও প্রতিশ্রুতি দেন তিনি।

জানতে চাইলে ভোক্তা স্বার্থ সংরক্ষণে স্বেচ্ছাসেবী সংস্থা ভলান্টারি কনজিউমারস ট্রেনিং অ্যান্ড অ্যাওয়ারনেস সোসাইটির (ভোক্তা) নির্বাহী পরিচালক মো. খলিলুর রহমান সজল বলেন, ‘ইলিশ রপ্তানি বন্ধ করায় মনে হচ্ছিল দেশের মানুষ এবার কম দামে ইলিশ খেতে পারবে। দীর্ঘদিন ধরে বলা হচ্ছে, ভারতে রপ্তানির কারণেই দেশের বাজারে ইলিশের দাম চড়া থাকে। কিন্তু রপ্তানি বন্ধের পরও বাজারে এর কোনো প্রভাব এখনো আমরা দেখতে পাইনি। আগের চড়া মূল্যেই ইলিশ বিক্রি হচ্ছে।’

খলিলুর রহমান বলেন, বাজারে ইলিশের সরবরাহ কম থাকার দুটি কারণ থাকতে পারে। একটি হতে পারে, এবার প্রকৃতপক্ষেই ইলিশ কম ধরা পড়ছে, যে কারণে বাজারে কম আসছে। দ্বিতীয় কারণ হতে পারে, ইলিশের ব্যবসায় জেলেদের যারা দাদন দেয়, তারা কারসাজি করে মজুদ বাড়াচ্ছে, যেহেতু ইলিশ মাছ কোল্ড স্টোরেজে দীর্ঘদিন সংরক্ষণ করা যায়। পরে মৌসুম শেষে বাড়তি দামে বিক্রি করা হবে। তাই বিষয়টি সরকারের তদারকের দায়িত্বে থাকা সংস্থাগুলোর দেখা উচিত।

ইলিশের দাম ঘাটেই চড়া

চাঁদপুর : চাঁদপুর বড়স্টেশন পাইকারি বাজারে চাহিদার তুলনায় ইলিশ মিলছে কম। এতে ক্রেতাদের চাহিদা মেটানো যাচ্ছে না। ইলিশের দাম বেশ চড়া। আকারভেদে পাইকারি বাজারে প্রতি কেজি ইলিশ বিক্রি হচ্ছে এক হাজার ২০০ থেকে দুই হাজার টাকায়। গতকাল সাকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত এমন চিত্র ছিল চাঁদপুরের বড়স্টেশন পাইকারি ইলিশের বাজারে।

সরেজমিনে দেখা গেছে, বড়স্টেশন পাইকারি মাছবাজারের পাশের ডাকাতিয়া নদীর পাশে কয়েকটি ছোট ট্রলার এবং সড়কপথে আসা চারটি পিকআপে ইলিশ পৌঁছেছে। এর মধ্যে রয়েছে উপকূল থেকে ধরা নোয়াখালীর চেয়ারম্যানঘাট ও লক্ষ্মীপুরের রামগতির ইলিশ।

ব্যাপারীরা জানান, দরদাম ভালো। তাই চাঁদপুরের বাজার তাঁদের পছন্দ। তবে জালে ধরা পড়া নানা আকারের ১৫ থেকে ২০টি ইলিশ নিয়ে আসেন। তাঁদের একজন চাঁদপুর সদর উপজেলার হরিণাঘাটের জেলে বিল্লাল বলেন, নদীতে ইলিশের দেখা নেই বললেই চলে। এর পরও জাল ফেলছি। যদি কিছু পাওয়া যায়।

চাঁদপুর মৎস্য বণিক সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ শবেবরাত জানান, বড়স্টেশন পাইকারি মাছবাজারে মূলত উপকূলীয় এলাকা থেকে ইলিশের জোগান আসে। পদ্মা ও মেঘনায় যে পরিমাণ ইলিশ ধরা পড়ছে, তা দিয়ে ক্রেতার চাহিদা পূরণ করা যচ্ছে না। এর মধ্যে কোনো মধ্যস্বত্বভোগী আছে কি না, এমন প্রশ্নের জবাবে মোহাম্মদ শবেবরাত জানান, তাঁদের বাজারে দালালের কোনো স্থান নেই।

বরগুনা: ভরা মৌসুমেও নদী ও সাগরে পর্যাপ্ত ইলিশের দেখা না পেয়ে হতাশ বরগুনার জেলে ও আড়তদাররা। বঙ্গোপসাগরকেন্দ্রিক জেলেদের জালে কিছু মাছ উঠলেও তা গত বছরের তুলনায় কম। জেলেরা বলছেন, নিষেধাজ্ঞার পর সাগরে কেউ কেউ ইলিশ পেলেও অনেকে ফিরছে খালি হাতে। বৈরী আবহাওয়া, অবৈধ জালে মাছ শিকার, ট্রলিং জাহাজের দাপটে ভরা মৌসুমেও ইলিশের এমন আকাল দেখা দিয়েছে। তবে গত বছরের তুলনায় এ বছর বেড়েছে মাছের আকার। সেই সঙ্গে পাল্লা দিয়ে মণপ্রতি ৮ থেকে ১০ হাজার টাকা বেড়েছে ইলিশের দাম।

বরগুনার পাথরঘাটা বিএফডিসি মৎস্য ঘাটে দেখা গেছে, ভোররাত থেকে ঘাটে এসে নোঙর করছে বঙ্গোপসাগর থেকে আসা ট্রলারগুলো। সকাল ৭টা নাগাদ ঘাটে কমপক্ষে ২০টি ট্রলার নোঙর করে। এর মধ্যে কিছু ট্রলারে মাছের দেখা পেলেও বেশির ভাগ ট্রলারে কাঙ্ক্ষিত ইলিশের দেখা মেলেনি।

এফবি মায়ের দোয়া নামের ট্রলারের জেলে আবদুর রহিম বলেন, ‘আমরা মাঝিসহ ১৮ জন জেলে সাগরে মাছ ধরতে গিয়েছিলাম। সাগরে জাল ফেলে যে পরিমাণ মাছ নিয়ে এসেছি, তাতে মহাজন কী পাবেন আর আমরা কী নেব? এতে আমাদের অবস্থা আরো খারাপ হয়ে যাবে।’

বরগুনার পাথরঘাটা উপজেলার বিএফডিসি ঘাট, তালতলী মৎস্য ঘাট ও বরগুনা পৌর মৎস্য আড়ত ঘুরে দেখা গেছে, গত বছর এক কেজির ওপরে ইলিশ প্রতি মণ বিক্রি হয়েছে ৫৫ হাজার থেকে ৬০ হাজার টাকা। এ বছর তা বিক্রি হচ্ছে ৬৬ থেকে ৬৭ হাজার টাকায়। গত বছর ৬০০ গ্রাম থেকে এক কেজি পর্যন্ত মণপ্রতি ইলিশ বিক্রি হয়েছে ৪৫ থেকে ৫০ হাজার টাকায়। এ বছর তা বিক্রি হচ্ছে ৫৫ থেকে ৫৭ হাজার টাকায়।


এ ক্যটাগরির আরো খবর..