আন্তর্জাতিক ডেস্ক: আজ রোববার ফ্রান্সে শুরু হচ্ছে প্রথম পর্বের আঞ্চলিক নির্বাচন। প্যারিসে সন্ত্রাসী হামলায় ১৩০ নিহত হওয়ার পর ক্ষমতাসীন দলের এটাই প্রথম নির্বাচনী চ্যালেঞ্জ। বিশেষজ্ঞরা মনে করছেন, ১৩ নভেম্বর প্যারিস হামলার ঘটনায় সরকারের প্রতিক্রিয়ায় দেশটির জনগণের সমর্থন রয়েছে কি না তা এই ভোটের মাধ্যমে জানা যাবে।
বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, এ নির্বাচনে সাবেক প্রেসিডেন্ট নিকোলাস সারকোজির নেতৃত্বাধীন মধ্য-ডানপন্থি রিপাবলিকান পার্টি সংখ্যাগরিষ্ঠতা পেয়ে জয় লাভের আশা করছে। সেই সঙ্গে ডানপন্থি ন্যাশনাল ফ্রন্টও (এফএন) ভালো ফল করতে পারে।
আজ স্থানীয় সময় সকাল ৮টায় ভোট শুরু হয়ে চলবে রাত ৮টায় পর্যন্ত। দেশটির প্রায় সাড়ে ৪ কোটি ৪০ লাখ মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। আঞ্চলিক এই নির্বাচনের দ্বিতীয় পর্ব অনুষ্ঠিত হবে ১৩ ডিসেম্বর।
ন্যাশনাল ফ্রন্টের নেতা ম্যারিন লে পেন ও তার ভাইঝি ম্যারিওন মারেসাল ফ্রান্সের আলপেস কোট দ্য আজুর প্রদেশের উত্তর ও দক্ষিণাঞ্চলে ভালো করবে। এই প্রথম ন্যাশনাল ফ্রন্ট ফ্রান্সের এই দুই অঞ্চলের যে কোন একটি তাদের দখলে নিতে পারে।
জরিপ অনুযায়ী, মধ্য-ডানপন্থি রিপাবলিকান ও ডানপন্থি ন্যাশনাল ফ্রন্ট এবারের নির্বাচনে ৩০ শতাংশ করে ভোট পেতে পারে। অপরদিকে, প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদের নেতৃত্বাধীন সোশিয়ালিস্ট পার্টি সর্বোচ্চ ২২ শতাংশ পর্যন্ত ভোট পেতে পারে এবং বেশ কয়েকটি অঞ্চলে তাদের নিয়ন্ত্রণ হারাতে পারেন।
বিশ্লেষকদের ধারনা, এই আঞ্চলিক নির্বাচনের ফলাফল যদি ন্যাশনাল ফ্রান্টের অনুকূলে যায় আগামী ২০১৭ সালে অনুষ্ঠেয় দেশের প্রেসিডেন্ট নির্বাচনে ফ্রন্টের জয়ের সম্ভাবনা উজ্জ্বল হবে।