শ্রমিক-মালিক একতা, উন্নয়নের নিশ্চয়তা। এই স্লোগান সামনে রেখে ফরিদপুরে মহান মে দিবস পালিত হয়েছে। এই উপলক্ষে ফরিদপুর জেলা প্রশাসন ও আঞ্চলিক শ্রমদপ্তরের উদ্যোগে সকালে জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি র্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র্যালী শেষে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, ফরিদপুর জেলা প্রশাসক অতুল সরকার।
তিনি এসময় বলেন, আমরা সব সময় শ্রমিকদের সাথে রয়েছি। শ্রমিকদের যে কোনো বিষয়ে আমরা তাদের পাশে আছি।
তিনি বলেন, শ্রমিকদের ন্যায্য পাওনা পরিশোধের জন্য ইতিমধ্যে মালিকদেরকে বলা হয়েছে। শ্রমিক ও মালিকদের সহযোগিতা নিয়ে আমরা ফরিদপুরকে একটা আধুনিক জেলা রূপান্তর করতে চাই। যেখানে কোন বিপদ থাকবে না।
একটা চমৎকার পরিবেশ সৃষ্টি হবে। তিনি এসময় সবাইকে ঈদের শুভেচ্ছা জানান।
বর্ণাঢ্য র্যালীতে উপস্থিত ছিলেন, আঞ্চলিক শ্রমদপ্তরের উপ-পরিচালক সাইফুল ইসলাম, সহকারী কমিশনার তারেক হাসান, উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মোল্লা, জেলা শ্রমিক লীগের আহ্বায়ক ও ১২ নং ওয়ার্ড কাউন্সিলর গোলাম মোহাম্মদ নাছির , জেলা শ্রমিক লীগের সদস্য সচিব ইমান আলী মোল্লা, ফরিদপুর মোটর ওয়াকার ইউনিয়নের সভাপতি জুবায়ের জাকির, ট্রাক ড্রাইভার ইউনিয়নের সভাপতি আব্দুল গফুর প্রমুখ।


