বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক: পকেটে থাকা স্মার্টফোনের ক্যামেরাও যে ভালো ক্যামেরার কাজ করতে পারে তা আমাদের অনেকের বোঝা হয়ে উঠে না। স্মার্টফোন দিয়ে ভালো ফটোগ্রাফার না হতে পারলেও ফটোগ্রাফি শেখার হাতে খড়ি যে এ ক্যামেরা তে হতে পারে তাতে কোন সন্দেহ নেই। আসুন জেনে নেই কিভাবে ফটোগ্রাফির হাতে খড়ি করা যায় স্মার্টফোনের ক্যামেরা দিয়ে।
প্রথমেই আসা যাক স্মার্টফোনের ক্যামেরার সুবিধা নিয়ে। এটি ব্যবহার করতে সহজ। যে কোনো জায়গাতেই ছবি তোলা যায় বলে প্রিয় মুহূর্তগুলো স্মার্টফোনে সংরক্ষণ করে রাখা যায়। আমরা গেম খেলে, ভিডিও দেখে, গান অথবা রেডিও শুনেও ফোনের ক্যামেরাকে ব্যবহার করতে পারি। বিভিন্ন অ্যাপসের সাহায্যে সঙ্গে সঙ্গে ছবিকে প্রাণবন্ত করার সুযোগ রয়েছে স্মার্টফোনে।
স্মার্টফোনে ধারণকৃত প্রতিটি মুহূর্তই মানুষের জীবনের স্মৃতি। তাই বেশি বেশি ছবি তোলার অভ্যাস বেশি বেশি স্মৃতি সংরক্ষণে সহায়ক। তাছাড়া ছবির লাইট, টেক্সচার, ফর্ম, কম্পোজিশন এবং পজিশনের ধারণাটা আপনি ঝালিয়ে নিতে পারেন নিজের স্মার্টফোনের ক্যামেরার সাহায্যে। এই বেসিক আলোকচিত্রকে আলোকচিত্রীর ভাষায় বলে ‘ফটো স্ক্যাচিং।’
একেক জনের দৃষ্টিভঙ্গি একেকরকম। তাই ধারণাও ভিন্ন। চিন্তার কোন কারণ নেই আপনার ছবি আইডিয়া ভালো হচ্ছে না বলে! যে কোনো কিছু ফোকাস করে আপনি ছবি তুলতে পারেন।
আপনার ছবির ক্যানভাস হতে পারে প্রকৃতি অথবা গাছ পালা এমনকি রাস্তাও। ইচ্ছেমত ছবি তুলুন। এঙ্গেল পরিবর্তন করুন। দৃষ্টি ভঙ্গি বদলান। জুম ইন এবং আউট করুন। নিজের স্থান পরিবর্তন করে ছবি তুলুন। এতে কোথা থেকে ছবি টিকে কেমন দেখাচ্ছে তা সম্পর্কে একটি স্বচ্ছ ধারণা হবে আপনার।
কোন বিশেষ চিহ্নের ছবি, ছায়ার ছবি অথবা চলন্ত কোন বস্তুর ছবি তুলুন। ছবির কালার এবং লাইটের ব্যালেন্সগুলো লক্ষ্য করুন।
এবার বাসায় গিয়ে ঠান্ডা মাথায় ছবিগুলো চেক করুন। কোন ছবিটি কেমন উঠেছে, কি পরিবর্তন করলে ছবিটি আরও জীবন্ত হতো অথবা কি পরিবর্তন করে ছবিটাকে শৈল্পিক বানানো যেতো চিন্তা করুন।
অথবা ছবিটি সামাজিক যোগাযোগ মাধ্যমে আপলোড করুন। বন্ধুদের মন্তব্য গুলো লক্ষ্য করুন। অন্যান্যদের ভালো পরামর্শগুলো গ্রহণ করুন। পরের দিন আবার লেগে যান নতুন ছবি তুলতে।
এভাবেই হয়তো আপনার ফটোগ্রাফি আপনাকে বিখ্যাত করে দেবে। বিখ্যাত না হলেও আপনার স্মৃতিগুলো তো আপনার সাথে থাকছে তাও বা কম কিসে?