মো: মাসুদুর রহমানঃ যশোরের শার্শা উপজেলায় অষ্টম শ্রেণির এক ছাত্রকে পড়া না পারায় বেঞ্চের ভাঙ্গা পায়া দিয়ে মেরে পা ভেঙ্গে দিয়েছেন, অপর এক ছাত্রীর চুলির মুঠি ধরে কিল ঘুসি মেরে শ্রেণী কক্ষ থেকে বের করে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে।
ঘটনাটি ঘটেছে সোমবার সকালে উপজেলা সদরের শার্শা পাইলট হাই স্কুলে। এসময় সাধারন শিক্ষার্থীরা বিক্ষুদ্ধ হয়ে শ্রেণি কক্ষ ছেড়ে বাইরে বেরিয়ে আসেন এবং বিক্ষোভ করেন। পরে অন্য শিক্ষকরা তাদেরকে ক্লাসে ফিরিয়ে নিয়ে যান।
আহত রাসেল হোসেন (১২) শার্শা পাইলট হাই স্কুলের পদ্মা শাখার ছাত্র ও বেনাপোলের আমড়াখালি গ্রামের মনিরুদ্দিন মনুর ছেলে এবং মেয়েটির নাম শম্পা রানী(১২)। সে শার্শার জেলে পাড়ার অশোক বিশ্বাস খুকার মেয়ে।
রাসেলের বাবা মনিরুদ্দিন সাংবাদিকদের কাছে অভিযোগ করেন, ইংরেজি পড়া না পারায় ওই স্কুলের প্রধান শিক্ষক সহিদুল ইসলাম তাকে ভাঙ্গা চেয়ারের পায়া দিয়ে এলোপাতাড়ি প্রহার করেছেন। এতে তার বাম পায়ের একটি হাড় ভেঙ্গে গেছে বলে চিকিৎসকরা জানিয়েছেন বলে মনিরুদ্দিন জানান।
শম্পা রানীর মা কনিকা বিশ্বাস বলেন, আমার মেয়েকে পড়া না পারায় ওই শিক্ষক চুলির মুঠি ধরে কিলঘুসি মারে এবং ব্লাকবোর্ডে মাথা ঠুকে দেয়। পরে তাকে শ্রেণী কক্ষ থেকে বের করে দেয়। আমরা এর উপযুক্ত বিচার চাই।
আমরা গরীব মানুষ, তাই বিচার হয়তো পাবো না। শুধু সরকারি সহায়তা পাই বলে ছেলেকে লেখাপড়া শিখাতে পারছি কাঁদতে কাঁদতে কথা কটি বলেন রাসেলের মা কদবানু।
“আমার ছেলেকে স্কুল শিক্ষক পড়া না পারার অপরাধে যেভাবে বেঞ্চের পায়া দিয়ে পিটিয়েছে তা অমানবিক ও আইন বর্হিভুত।”
শ্রেণি কক্ষে শিক্ষার্থীদের গায়ে হাত দেওয়া সম্পূর্ণ নিষিদ্ধ জানিয়ে শার্শা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা গোপাল চন্দ্র মজুমদার বলেন,“ঘটনাটি শুনেছি। পড়া না পারায় রাসেল ও শম্পা রানীকে শিক্ষক সহিদুল ইসলাম যেভাবে মারধর করেছেন তা অমানবিক ও আইন বর্হিভুত। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
স্থানীয়রা অভিযোগ করে বলেন, উক্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুল ইসলাম আইনের প্রতি বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে একের পর এক কুকর্ম ঘটিয়েই চলেছেন, দেখার কেউ নেই সবাই ক্ষমতাধর। ওই শিক্ষকের খুটির জোর অনেক বেশি। তার নিয়োগটাও বিধি সম্মত না। গত জেএসসি পরীক্ষায় ‘পাবলিক পরীক্ষায়’ বাধাদানের কারনে ১৫ দিনের জেল খেটেও বহাল তবিয়তে তিনি প্রধান শিক্ষকের দ্বায়িত্ব পালন করে যাচ্ছেন। “এদের মতো শিক্ষকদের শিক্ষা অধিদপ্তর থেকে দৃষ্টান্তমুলক শাস্তি দেওয়া উচিত। যাতে ভবিষ্যতে তারা এ ধরনের ঘটনা আর ঘটাতে সাহস না পায়।”
এ বিষয়ে ওই শিক্ষকের সাথে যোগাযোগ করা হলে তিনি ক্ষিপ্ত হয়ে বলেন,এটি আমার প্রতিষ্ঠানের ব্যাপার। তাদের শাসন করার দায়িত্ব আমাদের সাংবাদিকদের না।