রিয়াদে সোফা তৈরির কারখানায় অগ্নিকাণ্ডে বাংলাদেশি শ্রমিকদের প্রাণহানির ঘটনায় গভীর শোক প্রকাশ করে নিহত প্রবাসী শ্রমিকদের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার পাশাপাশি তাদের পরিবারের জন্য প্রয়োজনীয় সরকারি সহায়তা ও প্রাপ্য ক্ষতিপূরণ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী।
রোববার (৯ আগস্ট) এক শোকবার্তায় তিনি বলেন, জীবিকার সন্ধানে সৌদি আরবে কর্মরত প্রবাসী বাংলাদেশিদের এমন আকস্মিক ও মর্মান্তিক মৃত্যু অত্যন্ত বেদনাদায়ক। দেশের অর্থনীতিতে প্রবাসী কর্মীদের গুরুত্বপূর্ণ অবদানের কথা উল্লেখ করে মন্ত্রী নিহতদের স্বজনদের প্রতি গভীর সমবেদনা জানান।
মন্ত্রী বলেন, দুর্ঘটনার পর থেকেই সৌদি আরবে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে ঘটনাস্থল ও স্থানীয় প্রশাসনের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে। নিহতদের পরিচয় শনাক্তসহ অন্যান্য আনুষ্ঠানিকতা দ্রুত সম্পন্ন করার উদ্যোগ নেওয়া হয়েছে।
নিহত প্রবাসী শ্রমিকদের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার পাশাপাশি তাদের পরিবারের জন্য প্রয়োজনীয় সরকারি সহায়তা ও প্রাপ্য ক্ষতিপূরণ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান তিনি।
শোকবার্তায় মন্ত্রী নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেন। একই সঙ্গে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের এই অপূরণীয় ক্ষতি ও দুঃখ সহ্য করার শক্তি দেওয়ার জন্য মহান আল্লাহর কাছে প্রার্থনা করেন।