বিশেষ প্রতিবেদক: প্রশাসন, প্রিজাইডিং অফিসার ও রিটার্নিং কর্মকর্তাসহ যারা ভোটের সঙ্গে জড়িত তাদের নিরপেক্ষ দায়িত্ব পালনের দ্বারা সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন সম্পন্ন হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা।
তিনি বলেন, দেশে সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের পরিবেশ সৃষ্টি হয়েছে। ৩০ ডিসেম্বরের নির্বাচন আনন্দঘন পরিবেশে সম্পন্ন হবে। আর আসন্ন ভোটকে ঘিরে মানুষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।
আজ শনিবার ২২ ডিসেম্বর ময়মনসিংহের টাউন হলে তারেক স্মৃতি মিলয়াতনে আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে ময়মনসিংহ বিভাগের মাঠপর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়ের সময় তিনি সিইসি একথা বলেন। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, প্রধান নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দীন আহমদ, সেনাবাহিনীর কমান্ডার ও ১৯ পদাতিক ডিভিশনের জেনারেল অফিসার কমান্ডিং মেজর জেনারেল মিজানুর রহমান শামীম, বিভাগীয় কমিশনার মাহমুদ হাসান, ডিআইজি নিবাস চন্দ্র মাঝি, জেলা প্রশাসক, ড. সুভাষ চন্দ্র বিশ্বাস, জেলা পুুলিশ সুপার মো. আবিদ হাসান প্রমূখ।
সিইসি বলেন, আসন্ন নির্বাচনে কোন ধরনের সহিংসতার সুযোগ নেই। নিরপেক্ষভাবে এবং নিজেদের পেশাকে মান্য করে প্রশাসন ও আইশৃঙ্খলা বাহিনীকে নিজ দায়িত্ব পালন করতে হবে। ভোটদাতার যাতে ভীতহীন ভাবে ভোট কেন্দ্রে আসতে পারে আর ভোট দিতে পারে। বিশেষ করে সংখ্যালঘুদের দিকে প্রখর দৃষ্টি রাখতে হবে। তাদের উপর যেন কোনরুপ হামলার রুপরেখা অঙ্কিত না হয়। বিভিন্ন অভিযোগ অনুসন্ধানে আগামী ২৫ ডিসেম্বর থেকে নির্বাচনী তদন্ত কমিটি থাকবে।