প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার (এস কে) সিনহা তার ৬৭তম জন্মদিন উদযাপন করলেন। গতকাল বুধবার দুপুরে জন্মদিন উপলে সুপ্রিম কোর্টে নিজ দফতরে পরিবারের সদস্যদের সাথে নিয়ে জন্মদিনের কেক কাটেন তিনি।
এ সময় সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল সৈয়দ আমিনুল ইসলাম, হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার আবু সৈয়দ দিলজার হোসেন, অতিরিক্ত রেজিস্ট্রার (প্রশাসন ও বিচার) সাব্বির ফয়েজ সেখানে উপস্থিত ছিলেন।
সুপ্রিম কোর্টে কেক কাটার আগে গণমাধ্যমকর্মীরা প্রধান বিচারপতিকে জন্মদিনের শুভেচ্ছা জানান। শুভেচ্ছার জবাবে তিনি বলেন, আজকের দিনে আমার নাতনি সকালে ঘুম থেকে ওঠেই শুভ জন্মদিন বলেছে। এর পরে আপনারা সেটা মনে করেছেন। আপনাদের সবাইকে সরস্বতী পূজা, ভাষা আন্দোলনের মাস এবং ভালোবাসার মাস উপলে অন্তর থেকে ধন্যবাদ জানাচ্ছি। ১৯৫১ সালের ১ ফেব্রুয়ারি মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার তিলকপুরে এস কে সিনহা জন্মগ্রহণ করেন। তার বাবার নাম ললিত মোহন সিনহা, মায়ের নাম ধনবতী সিনহা। তারা দু’জনেই প্রয়াত।
এস কে সিনহা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধীনে এলএলবি পাস করেন। এরপর ১৯৭৪ সালে সিলেট বারে আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন। ১৯৭৮ সালে হাইকোর্ট বিভাগ এবং ১৯৯০ সালে আপিল বিভাগে আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন। ১৯৯৯ সালের ২৪ অক্টোবর তিনি হাইকোর্টে বিচারপতি হিসেবে নিয়োগ পান। ২০০৯ সালের ১৬ জুলাই আপিল বিভাগের বিচারপতি হন। ২০১৫ সালের ১৮ জানুয়ারি থেকে তিনি প্রধান বিচারপতির হিসেবে দায়িত্ব পালন করছেন। বাংলাদেশের সংবিধানের ত্রয়োদশ সংশোধনীর মাধ্যমে আনা তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা আপিল বিভাগের যে বেঞ্চ বাতিল করেছিল, এস কে সিনহা ছিলেন তার অন্যতম সদস্য। এ ছাড়া ২০১১ সালে বঙ্গবন্ধু হত্যা মামলার চূড়ান্ত রায় দেয়া বেঞ্চেও সদস্য হিসেবে ছিলেন তিনি। বাংলায় রায় দিতে সবাইকে এগিয়ে আসতে হবে
এদিকে উচ্চ আদালতে বাংলা ভাষায় রায় দেয়ার বিষয়ে আইনজীবীসহ সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা। তিনি বলেন, আমরা আপিল বিভাগে এমন ডিভাইস বের করার চেষ্টা করছি রায় দেয়ার সময় যে ডিকটেশন দেবো, তা সফটওয়ার হয়ে বাংলায় বের হবে। এ বিষয়ে আমি ও আমাদের আইটি বিভাগ চেষ্টা চালিয়ে যাচ্ছি।
গতকাল সুপ্রিম কোর্ট মিলনায়তনে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির বিজয়া পুনর্মিলনী ও বাণী অর্চনা উদযাপন পরিষদের অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।
মূল আইন ও এর ব্যাখ্যাগুলো ইংরেজিতে হওয়ায় বাংলায় রায় দেয়া কঠিন বলেও উল্লেখ করেন এস কে সিনহা। এ জন্য আইনজীবী ও শিকদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি। প্রধান বিচারপতি বলেন, ‘আমাদের মূল আইনগুলো ইংরেজিতে, ব্যাখ্যাগুলো সব ইংরেজিতে। এ জন্য আমাদের আইনজীবী ও বিশ্ববিদ্যালয়ের শিকদের এগিয়ে আসতে হবে। তাদের আরো কাজ করতে হবে।’
তদন্ত সংস্থা ও প্রসিকিউশনের দুর্বলতা এবং স্যাপ্রমাণের অভাবে অনেক অপরাধী ছাড়া পেয়ে যাচ্ছে বলে উল্লেখ করে প্রধান বিচারপতি বলেন, ‘কোনো কোনো অপরাধী যারা পাওয়ারফুল তাদের পে বেশ প্রভাবশালী আইনজীবীরা থাকেন। তাদের সাথে আমাদের পিপি, এপিপি সাহেবরা লড়েন। তাই প্রসিকিউশনের মামলা পরিচালনায় বেশ ত্রুটি থেকে যায়। তদন্তেও দুর্বলতা থাকে। ইতোমধ্যেই আমাদের বেশ কিছু সেনসেশনাল মামলায় আমরা বাধ্য হয়ে আসামিদের খালাস দিয়েছি। কারণ বিবেকের তাড়নার বাইরে, আইনের বাইরে আমরা কিছু করতে পারি না।’
প্রধান বিচারপতি বলেন, বাংলায় আমাদের হাইকোর্টের বিচারকেরা সুন্দরভাবে রায় দিচ্ছেন। যখন আমার কাছে বাংলায় রায়ের আপিলআসে, আমি সেগুলো দেখি। হাইকোর্টের কিছু কিছু বিচারক বাংলায় ভালো রায় দিতে পারেন। তারা সুন্দর রায় দিচ্ছেন।
সুরেন্দ্র কুমার সিনহা বলেন, ফৌজদারি কার্যবিধি সংশোধন করায় পুলিশের দায়িত্ব ব্যাপক বেড়ে গেছে। কোন অপরাধে কী লিখতে হবে, সেগুলো উল্লেখ না থাকলে হবে না। বোঝা যাবে না, আসামি কী ধরনের অপরাধ করেছে। আসামি সহযোগী নাকি মূল। তাদের সেগুলো পরিষ্কার করতে হবে। পরিষ্কার না থাকলে বিচারকদের জামিন দেয়া ও বিচার করা কঠিন হয়ে যায়। তথ্য পরিষ্কার না থাকায় তারা সহজেই জামিন পেয়ে যায়। তদন্ত সংস্থা ও রাষ্ট্রপক্ষের মামলা পরিচালনায় অদক্ষতার কারণে খুনের আসামিরা ছাড়া পেয়ে যাচ্ছে বলেও তিনি অভিযোগ করেন।