নিজস্ব প্রতিবেদকঃ সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সভাপতি অ্যাডভোকেট জয়নুল আবেদীন বলেন, প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহাকে অন্তরীণ করে রাখা হয়েছে। তাকে জোর করে ছুটিতে পাঠানো হয়েছে এবং এখন বিদেশে পাঠানো হচ্ছে।
তিনি অভিযোগ করে বলেন, আমরা জানতে পেরেছি প্রধান বিচারপতির সব ধরনের যোগাযোগের মাধ্যম বিচ্ছিন্ন করে রাখা হয়েছে। সারা দেশের আইনজীবীরা জানতে চান কারা প্রধান বিচারপতিকে কারা অন্তরীণ করে রেখেছে।
তিনি বলেন, প্রধান বিচারপতিকে জনসম্মুখে না আনা পর্যন্ত আইনজীবীদের আন্দোলন চলছে চলবে। আগামীকাল সুপ্রিম কোর্ট বারের আন্দোলনের নতুন কর্মসূচি ঘোষণা করা হবে। আরো কঠোর আন্দোলনের কর্মসূচি দেয়া হবে।
আজ বুধবার সুপ্রিম কোর্ট বার ভবনের সভাপতির কক্ষের সামনে সুপ্রিমকোর্ট বার আয়োজিত অবস্থান কর্মসূচিতে সভাপতির বক্তব্যে এ কথা বলেন।
সুপ্রিম কোর্ট বারের কর্মসূচিতে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন অ্যাডভোকেট মীর মোহাম্মদ নাছির উদ্দীন, নিতাই রায় চৌধুরী, সমিতির সাবেক সম্পাদক গিয়াস উদ্দিন আহমেদ, সমিতির বর্তমান সম্পাদক ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন, ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল, ব্যারিস্টার কায়সার কামাল, তৈমুর আলম খন্দকার, খালেদা পান্না, গোলাম মো: চৌধুরী আলাল, বারের সহসভাপতি উম্মে কুলসুম রেখা, বারের সদস্য আয়শা আক্তার, শামীমা সুলতানা দীপ্তি, ওয়ালিউর রহমান খান, আবেদ রাজা, মোহাম্মদ আলী, গাজী কামরুল ইসলাম সজল, মির্জা আল মাহমুদ, খালেদা পান্না, রফিকুল ইসলাম তালুকদার রাজা, আরিফা জেছমিন, মীর মোহাম্মদ হেলাল উদ্দীন, ব্যারিস্টার সাদিয়া আফরোজ, ব্যারিস্টার তাসনিয়া প্রধান, শরীফ ইউ আহমেদ প্রমুখ।
অ্যাডভোকেট জয়নুল আবেদীন বলেন, বিদেশি একটি গণমাধ্যমে খবর প্রকাশ করা হয়েছে তিনি বৈষম্যের শিকার। এতে প্রমাণ হয় তিনি নজরবন্দীতে আছেন।
মীর মোহাম্মদ নাছির উদ্দীন বলেন, আমাদের আন্দোলন বিচার বিভাগের স্বাধীনতা রক্ষার জন্য আন্দোলন। সরকার বিচার বিভাগের উপর যে নগ্ন হামলা করেছে তার বিরুদ্ধে আন্দোলন। আইনজীবীদের আন্দোলনে জালিম সরকারের পতন হবে।
আইনজীবীদের পদযাত্রা:
প্রদান বিচারপতিকে সুপ্রিম কোর্টে ফিরিয়ে দিতে ২৫-৩০ জন তরুণ আইনজীবী আজ দুপুরে প্রধান বিচারপতির বাসভবনের দিকে পদযাত্রা করে। ন্যাশনাল লইয়ার কাউন্সিলের ব্যানারে আইনজীবীদের পদযাত্রা সুপ্রিম কোর্ট বার ভবন থেকে সুপ্রিম কোর্ট মাজার গেটে পৌঁছালে পুলিশ আটকে দেয়। এরপর আইনজীবীরা শ্লোগান দিয়ে আবার সুপ্রিম কোর্ট বারের ফিরে আসে।
লইয়ার কাউন্সিলের প্রধান সমন্বয়ক অ্যাডভোকেট জুলফিকার আলী জুনুর নেতৃত্বে এতে অ্যাডভোকেট রফিকুল ইসলাম তালুকদার রাজা, অ্যাডভোকেট আইয়ুব আলী আশরাফীসহ প্রায় ২৫-৩০ জন আইনজীবী অংশ নেন।

