উপমহাদেশের প্রখ্যাত মেডিসিন বিশেষজ্ঞ অধ্যাপক ডা. এবিএম আব্দুল্লাহ সচিব পদমর্যাদায় চুক্তিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যক্তিগত চিকিৎসক হিসেবে নতুন নিয়োগ পেয়েছেন ।
মঙ্গলবার (২৪ ডিসেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, অন্য প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে প্রধানমন্ত্রীর মেয়াদকাল বা তার সন্তুষ্টি সাপেক্ষে তিনি এই পদে বহাল থাকবেন।
এর আগে অধ্যাপক ডা. নুরুল ইসলাম প্রথমবারের মতো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ব্যক্তিগত চিকিৎসক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। এরপর আর কোনও সরকারপ্রধানের ব্যক্তিগত চিকিৎসক ছিলেন না। সে হিসাবে দেশের দ্বিতীয় কোনও প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসকের স্থান পেলেন এবিএম আব্দুল্লাহ।
রাষ্ট্রীয় সম্মানজনক এ নিয়োগপ্রাপ্তির প্রতিক্রিয়া সম্পর্কে জানতে চাইলে ডা. এবিএম আবদুল্লাহ বলেন, ‘আমাকে মাননীয় প্রধানমন্ত্রী তার ব্যক্তিগত চিকিৎসক নিয়োগ দেয়ায় আমি তার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। সেই সঙ্গে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি।’
তিনি আরও বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যক্তিগত চিকিৎসক হওয়া নিঃসন্দেহে গৌরবের। আমাকে সর্বোচ্চ সম্মানজনক পদ দিয়ে মাননীয় প্রধানমন্ত্রী আমার প্রতি যে আস্থা রেখেছেন আমি যেন সেই আস্থার প্রতিদান দিতে পারি সেজন্য আমি দেশবাসী সবার কাছে দোয়া চাই’।
প্রসঙ্গত, চিকিৎসা পেশায় অনন্য অবদানের জন্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মেডিসিন বিভাগের সাবেক ডিন ও চেয়ারম্যান অধ্যাপক ডা. এ বি এম আব্দুল্লাহ একুশে পদক ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) অ্যাওয়ার্ডসহ বিভিন্ন পুরস্কারে ভূষিত হয়েছেন।

