প্রধানমন্ত্রীর আহ্বান বন্যা দুর্গতদের পাশে দাঁড়ানোর

স্টাফ রিপোর্টার: প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবাইকে দেশের বিভিন্ন জায়গায় বন্যা দুর্গতদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন।

রোববার সকালে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) মিলনায়তনে জাতীয় বৃক্ষরোপণ অভিযানের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।

প্রধানমন্ত্রী বলেন, ‘সাম্প্রতিক সময়ে উত্তরাঞ্চলের বন্যায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বন্যা আমাদের দেশের একটি স্বাভাবিক বিষয়। কিন্তু এটি মাঝে মাঝে খুবই মারাত্মক আকার ধারণ করে। আমাদের সবার ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানো উচিত।’

প্রত্যেককে তিনটি করে গাছ লাগানোর আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘সবাই তিনটি করে গাছ লাগাবেন। ফলজ, বনজ ও ঔষধি। একটি গাছ কাটলে দুই থেকে তিনটি গাছ লাগাবেন।’

বাড়ির বারান্দা থেকে শুরু করে স্কুল, কলেজ, মাদ্রাসা, বিশ্ববিদ্যালয় সব জায়গায় গাছ লাগানোর আহ্বান জানান প্রধানমন্ত্রী।

তিনি বলেন, ‘আমাদের বনায়ন বাড়াতে হবে। বতর্মানে ১৭ শতাংশ বনায়ন রয়েছে। এটিকে ২৫ শতাংশে উন্নীত করতে হবে। প্রাকৃতিক সম্পদের সঠিক ব্যবহার করতে হবে। আমরা এটিকে কাজে লাগিয়ে পরিকল্পিত উদ্যোগের মাধ্যমে আমাদের দেশকে ২০২১ সালের মধ্যে একটি মধ্যম আয়ের দেশ এবং ২০৪১ সালের মধ্যে দক্ষিণ এশিয়ার একটি উন্নত রাষ্ট্রে পরিণত করতে চাই।’

জলবায়ু পরিবর্তনের ফলে এর ক্ষতির দিক তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, এর ক্ষতির হাত থেকে রক্ষা পেতে কাজ করে যাচ্ছে সরকার। কে কী দেবে, কে কী করবে সেদিকে না তাকিয়ে থেকে নিজেরা উদ্যোগ নিয়ে কিছু করতে চাই। পরিকল্পিত উদ্যোগের মাধ্যমে সেটি বাস্তবায়ন করা সম্ভব। এ ব্যাপারে তিনি সকলের সচেতনতা বাড়ানোর আহ্বান জানান।

টেনারি স্থানান্তরের বিষয়ে প্রধানমন্ত্রী বলেন, তাদের বারবার বিষয়টি বলা হলেও তারা এটি স্থানান্তর করছে না। পরিবেশ রক্ষায় এটি দ্রুত সরানো উচিত।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।