সাবেক প্রধানমন্ত্রী ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীকে ফাঁসির সাজা দিয়ে ভারত থেকে প্রত্যর্পণ চায় বাংলাদেশ। মৃত্যুদণ্ডের পরই শেখ হাসিনা ও আসাদুজ্জামান খানের প্রত্যর্পণের আর্জি বাংলাদেশের। ভারতের কাছে ২ জনকে হস্তান্তরের আর্জি জানাল বাংলাদেশের অন্তর্বর্তী সরকার।
এই প্রেক্ষাপটে বাংলাদেশের ক্রাইম ট্রাইব্যুনালের নির্দেশ নিয়ে প্রতিক্রিয়া দিল্লির। ভারতের বিদেশমন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সয়াল এক্স-এ পোস্ট করেছেন। সেই বিবৃতিতে লেখা, ‘ঘনিষ্ঠ প্রতিবেশী হিসেবে বাংলাদেশের স্বার্থে দায়বদ্ধ ভারত। ভারত চায়, বাংলাদেশের গণতন্ত্র, শান্তি, স্থিতাবস্থা বজায় থাকুক। বাংলাদেশে স্থিতাবস্থা বজায় রাখতে গঠনমূলক ভূমিকা ভারতের’।
এদিকে, হাসিনার প্রত্যর্পণের দাবি জানিয়েছে ইউনূস সরকার। বাংলাদেশের বিদেশমন্ত্রকের তরফে বলা হয়েছে, ‘হাসিনা ও আসাদুজ্জামানকে আশ্রয় দেওয়া অবন্ধুসুলভ আচরণ। দণ্ডপ্রাপ্ত আসামীদের ফিরিয়ে না দিলে ন্যায়বিচারের প্রতি অবজ্ঞার সামিল। ২ দেশের প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী হাসিনা ও আসাদুজ্জামানকে হস্তান্তর করা উচিত’।
অন্যদিকে, শেখ হাসিনার রায় ঘোষণার ফের উত্তপ্ত বাংলাদেশ। ধানমন্ডিতে শেখ মুজিবর রহমানের বাড়ি ভাঙার চেষ্টা বিক্ষোভকারীদের। ধানমন্ডিতে শেখ মুজিবর রহমানের বাড়ির সামনে হাজির সেনা-পুলিশ, জমায়েত বিক্ষোভকারীদেরও। বিক্ষোভ হঠাতে সাউন্ড গ্রেনেড ছুড়েছে সেনা-পুলিশ। ধানমন্ডিতে ব্যারিকেড ভেঙে ঢোকার চেষ্টা বিক্ষোভকারীদের, পাল্টা লাঠিচার্জ সেনা ও পুলিশের। পুলিশের লাঠিচার্জের পাল্টা সেনা-পুলিশকে লক্ষ্য করে ইট বিক্ষোভকারীদের।
এদিকে, ট্রাইবুনালের মৃত্যুদণ্ডের পর প্রথম প্রতিক্রিয়া শেখ হাসিনার। মুজিব-কন্যা বলেন, ‘গণতান্ত্রিক প্রক্রিয়া না মেনে রিগিং করে ট্রাইবুনালের রায়। পক্ষপাতমূলক এবং রাজনৈতিক উদ্দেশে রায় ঘোষণা। মৌলবাদীদের ইচ্ছেতেই মৃত্যুদণ্ড ঘোষণা। ইউনূস-শাসনে অরাজকতার শিকার লক্ষ লক্ষ বাংলাদেশি। আন্তর্জাতিক ক্রাইম ট্রাইবুনালের মাধ্যমে আওয়ামিকে বলির পাঁঠা করার চেষ্টা। ইউনূস সরকারের ব্যর্থতা থেকে নজর ঘোরানোর মরিয়া চেষ্টা’। শেখ হাসিনাকে ফাঁসির সাজা ঘোষণার পাল্টা শেখ হাসিনা।
বাংলাদেশের প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কমলেরও মৃত্যুদণ্ডের নির্দেশ দেওয়া হয়েছে।
ইউনূস সরকারের সমস্ত অভিযোগ অস্বীকার করে মৃত্যুদণ্ডের সাজাপ্রাপ্ত বাংলাদেশের প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কমল বলেন, ‘আমার বাসায় বৈঠকগুলি হত। এটা একটা অফিসিয়াল বৈঠক। সমস্ত বাহিনীর প্রধানরা এখানে থাকতেন। আমাদের কার্ফু দিতে হয়েছিল এই ভিড় নিয়ন্ত্রণের জন্য। সেটাও আপনারা জানেন। প্রতিদিন কী ঘটনা ঘটছে এবং কোথায় কী হচ্ছে এটা নিয়ে মিটিংটা হত। এটা মিটিং কাউকে হত্য়া করার জন্য কিংবা কোনও নির্দেশনা দেওয়ার জন্য নয়। হেলিকপ্টারের কথা আসছে। রাবের হেলিকপ্টার ব্যবহার করা হয়েছে, এটা বলা হয়েছে। রাবের হেলিকপ্টার অত্যন্ত একটা ছোট হেলিকপ্টার। এটা দিয়ে টার্গেট কিলিং অসম্ভব। এই হেলিকপ্টারগুলো আমরা কাজে লাগিয়েছিলাম যেখানে আমাদের পুলিশ সদস্যরা আটকে পড়েছিল। নীচের তলায় ছিল একটা হাসপাতাল। মানে লোকেরা আটকে পড়েছিল। তখন হেলিকপ্টার দিয়ে উদ্ধার করা হয়েছিল।’
কী বলছে দুই দেশের মধ্যে স্বাক্ষরিত হওয়া প্রত্যর্পণ চুক্তি?
২০১৩ সালে ভারত এবং বাংলাদেশের মধ্যে প্রত্যর্পণ সংক্রান্ত চুক্তি স্বাক্ষরিত হয়। তখন কেন্দ্রে মনমোহন সিংয়ের সরকার। বাংলাদেশের মসনদে শেখ হাসিনা। সেই চুক্তিতে বলা হয়েছিল, আদালতের রায়ে প্রত্যর্পণ করানোর মতো অপরাধ করে থাকলে সংশ্লিষ্ট ব্যক্তিকে এক দেশ অপর দেশের হাতে তুলে দেবে। এই বিষয়ে সবিস্তার ব্যাখ্যা দিয়ে বলা হয়েছিল, ন্যূনতম এক বছরের জেল হতে পারে, এমন অপরাধ করে থাকলে সেই ব্যক্তিকে প্রত্যর্পণ করা হবে। এ-ও বলা হয়েছিল যে, যে অপরাধে তিনি দোষীসাব্যস্ত সেটিকে চুক্তি স্বাক্ষর করা দুই দেশেই শাস্তিযোগ্য হতে হবে। অপরাধে প্ররোচনা দেওয়া বা সাহায্য করা ব্যক্তিকেও প্রত্যর্পণ করা যেতে পারে বলে জানানো হয়।
২০১৬ সালে প্রত্যর্পণ প্রক্রিয়াকে আরও সহজ করতে চুক্তি সংশোধন করা হয়। সংশোধিত চুক্তিতে বলা হয়, কারও নামে গ্রেফতারি পরোয়ানা থাকলেই তাঁকে প্রত্যর্পণ করা যাবে। এ ক্ষেত্রে অপরাধের প্রমাণস্বরূপ কোনও তথ্যপ্রমাণও দাখিল করতে হবে না। তবে এরইসঙ্গে চুক্তিতে স্পষ্ট ভাবে বলা হয়েছে, অপরাধের চরিত্র যদি রাজনৈতিক হয়, তা হলে প্রত্যর্পণ করা হবে না। চুক্তির অত্য়ন্ত গুরুত্বপূর্ণ দিক হল, এতে স্পষ্ট ভাবে বলা হয়েছে, বিচারের নেপথ্যে যদি সৎ কোনও উদ্দেশ্য না-থাকে, তা হলে ভারত বা বাংলাদেশ সংশ্লিষ্ট ব্যক্তিকে প্রত্যর্পণ করবে না। অর্থাৎ চুক্তির এই অংশটি তুলে ধরে ভারত হাসিনাকে প্রত্যর্পণ নাও করতে পারে। কারণ শেখ হাসিনা বারবার অভিযোগ করছেন, সম্পূর্ণ অসৎ উদ্দেশ্যে তাঁকে শাস্তি দিতে এই ভিত্তিহীন মামলায় তাঁকে দোষী সাব্যস্ত করা হয়েছে।
বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয় বিবৃতিতে বলা হয়, শেখ হাসিনা ও আসাদুজ্জামান খানকে আশ্রয় দিলে তা হবে অবন্ধুসুলভ আচরণ ও ন্যায়বিচারের প্রতি অবজ্ঞার সামিল। সাজাপ্রাপ্তদের বাংলাদেশের কাছে হস্তান্তরের অনুরোধ জানাই। দুই দেশের প্রত্যর্পণ চুক্তি অনুসারে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খানকে হস্তান্তর করা উচিত। আর এই আর্জি আসার সঙ্গে সঙ্গে কূচনৈতিক ভাবে দৃঢ় জবাব দিয়েছে ভারত।