প্রতিটি জেলায় রেল লাইন সম্প্রসারণ করা হবে: রেলমন্ত্রী

রেলের সেবা বাড়াতে দেশের প্রত্যেকটি জেলায় রেল লাইন সম্প্রসারণ করা হবে। নতুন নতুন রেল চালু করার মধ্য দিয়ে জনগণের যে চাহিদা তা পূরণে চেষ্টা করা হচ্ছে। রেল একটি নির্ভরযোগ্য, নিরাপদ ও সাশ্রয়ী যোগাযোগ মাধ্যম। বললেন রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন।

বৃহস্পতিবার (৪ এপ্রিল) রাজবাড়ী সফরে গিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে রেলপথমন্ত্রী নূরুল ইসলাম সুজন এসব কথা বলেন।

রেলমন্ত্রী বলেন, রাজবাড়ী জেলায় রেলওয়ের ঐতিহ্য রয়েছে।এ জেলাতে রেলের প্রশাসনিক ভবন ও কারখানা গড়ে তোলা হবে। পর্যায়ক্রমে রেলের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনা হবে।

তিনি বলেন, ১৯৮৬ সালের পর থেকে রেলে নতুন কোনো নিয়োগ দেয়া হয়নি। এসময়ে হাজার হাজার কর্মী অবসরে গেছেন। এরপর ১৯৯১ সালে বিএনপি-জামায়াত জোট এক সঙ্গে প্রায় ১০ হাজার কর্মকর্তা-কর্মচারীকে চাকরিচ্যুত করেছে। সেসময় রেল অভিভাবকহীন সংস্থায় পরিণত হয়েছিল।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিক নির্দেশনায় বর্তমান সরকার সেখান থেকে বেড়িয়ে আসার চেষ্টা করছে। সঠিক ও পরিপূর্ণভাবে রেল চলাচল শুরুর পর রেলের সব সম্পদ অবৈধ দখলদারদের কাছ থেকে উদ্ধার করা হবে। পহেলা বৈশাখে রাজশাহী থেকে ঢাকা পর্যন্ত একটি নতুন ট্রেনের উদ্বোধন হতে যাচ্ছে। এ ট্রেনটি শুক্রবার ছাড়া সপ্তাহে ছয়দিন চলবে। এভাবেই রেলের উন্নয়ন করা হচ্ছে বলেও জানান মন্ত্রী।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।