প্রতিকূল পরিস্থিতিতে সঠিকভাবে দায়িত্ব পালন করেছে আনসার বাহিনী -স্বরাষ্ট্র উপদেষ্টা 

প্রতিকূল পরিস্থিতিতে সঠিকভাবে দায়িত্ব পালন করেছে আনসার বাহিনী -স্বরাষ্ট্র উপদেষ্টা 

বৈষম্যবিরোধী আন্দোলনের পর পুলিশসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যে প্রতিকূল পরিস্থিতিতে পরেছিল, আনসার বাহিনী তখন তাদের ওপর অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালন করেছে। সে সময় দূতাবাস, বিমানবন্দর ও বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানের নিরাপত্তা সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় তারা সাধুবাদ ও প্রশংসা পাওয়ার যোগ্য। বলেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)।

আজ রাজশাহীর পবা উপজেলার নওহাটায় ১৯ আনসার ব্যাটালিয়নের কর্মকর্তাদের জন্য আয়োজিত দরবারে বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

উপদেষ্টা বলেন, অঙ্গীভূত আনসারদের বিভিন্ন সমস্যার সমাধান করা হয়েছে। ব্যাটালিয়ন ও অঙ্গীভূত আনসার উভয়েই তাদের দায়িত্ব সঠিকভাবে পালন করছে। এসময় তিনি ভবিষ্যতে তাদের ওপর অর্পিত দায়িত্ব আরো সঠিকভাবে পালন করার জন্য নির্দেশনা দেন।

লেফটেন্যান্ট জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি খুব সন্তোষজনক না হলেও উন্নতির দিকে রয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতির আরো উন্নতির অবকাশ রয়েছে। সেখানে আনসার বাহিনীরও গুরুত্বপূর্ণ দায়িত্ব রয়েছে।

উপদেষ্টা আরো বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির অন্যতম কারণ হলো দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের কুমিল্লা, ফেনী ও নোয়াখালীতে সংঘটিত বন্যা এবং চলমান ময়মনসিংহ ও শেরপুরের বন্যা পরিস্থিতি। কুমিল্লা দেশের অন্যতম বৃহৎ সবজি উৎপাদনকারী জেলা। বন্যার কারণে এ উৎপাদন ক্ষতিগ্রস্ত হওয়ায় সবজির দাম বেড়েছে।

এর আগে উপদেষ্টা রাজশাহী মহানগরীর নওহাটা ও খড়খড়ি বাজার পরিদর্শন করেন। সেখানে তিনি বিভিন্ন দ্রব্যমূল্যের খোঁজখবর নেন। বাজারে যেন কোনো সিন্ডিকেট ও চাঁদাবাজি না হয়, সে ব্যাপারে তিনি উপস্থিত ব্যবসায়ীদের সতর্ক হওয়ার পরামর্শ দেন। এছাড়া, কেউ চাঁদাবাজি করলে তৎক্ষণাৎ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবহিত করার পরামর্শও দেন তিনি।

এসময় উপদেষ্টা রাজশাহী মহানগরীর আমচত্বরে অবস্থিত বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) এর আঞ্চলিক সার সংরক্ষণাগার পরিদর্শন করেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।