পাবনা প্রতিনিধিঃ পাবনার আটঘরিয়া উপজেলার লক্ষীপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনের শেষ দিন প্রচারণার সময় সন্ত্রাসী হামলায় চেয়ারম্যান প্রার্থীসহ ১৫ জন আহত হয়েছেন। এ সময় সন্ত্রাসীদের হামলায় আটটি মোটর সাইকেল ভেঙ্গে গুড়িয়ে দেয়া হয় বলেও অভিযোগ করেছেন স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী নকিবুল্লাহ খোকন।
বৃহস্পতিবার রাত ১০টার দিকে লক্ষীপুর ইউনিয়নের শ্রীপুর বাজারে এ ঘটনা ঘটে।
আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রাজ্জাক জানান, রাতে নির্বাচনী প্রচার প্রচারণার সময় লক্ষীপুর ইউনিয়নের শ্রীপুর বাজের অন্ধকারের মধ্যে স্বতন্ত্র প্রার্থী নকিবুল্লাহ খোকনের উপর সন্ত্রাসীরা হামলা চালালে এ ঘটনা ঘটে। তবে কারা কেন এই হামলা করেছে বিস্তারিত কিছুই জানি না। দেরিতে ঘটনাস্থলে পুলিশের পৌঁছানোর বিষয়টি তিনি অস্বীকার করে বলেন, থানা থেকে পুলিশের ঘটনাস্থলে যেতে সময় তো লাগবেই।
শ্রীপুর বাজারের পার্শ্ববর্তী বাসিন্দা ও পোষ্ট অফিসে কর্মরত সিদ্দিকুর রহমান জানান, রাতে অপর স্বতন্ত্র প্রার্থী আক্কাস আলীর লোকজন অপর স্বতন্ত্র প্রার্থী খোকনের লোকজনের উপর হামলা চালায়। এ সময় হামলাকারীরা এ সময় ৮/৯ টি মোটর সাইকেল ভাঙচুর করে।
এ ব্যাপারে স্বতন্ত্র প্রার্থী নকিবুল্লাহ খোকন বলেন, আমি আমার লোকজনকে নিয়ে নির্বাচনী প্রচার প্রচারণা শেষে বাড়ি ফিরছিলাম এ সময় অতর্কিতভাবে স্বতন্ত্র প্রার্থী আক্কাস আলীর লোকজন আমাদের উপর হামলা চালায়। হামলাকারীদের মধ্যে চরমপন্থি সন্ত্রাসী হাফিজ বাহিনীর প্রধান হাফিজের নেতৃত্বে অসিম, মানিক ও ওয়ারিদ মেম্বাররা এই হামলা করে। এতে আমিসহ আমার ১৫ জন আহত হয়েছেন। আহতরা পাবনা জেনারেল হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিষয়টি নিয়ে তাৎক্ষণিক আতাইকুলা থানা পুলিশকে অবহিত করা হলেও পুলিশ অনেক দেরিতে ঘটনাস্থলে পৌঁছেন বলেও তিনি অভিযোগ করেন। অপরদিকে বিষয়টি নিয়ে লিখিতভাবে আটঘরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবহিত করা হবে বলে জানান তিনি।
উল্লেখ্য, শনিবার ৭ মে চতুর্থ ধাপে সারা দেশের মতো পাবনার আটঘরিয়া উপজেলার ৫ ও সুজানগর উপজেলার ১০ ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে।