× Banner
সর্বশেষ

পিআইডি

প্রচলিত আইনেই হবে গুম-খুন ও জুলাই গণঅভ্যুত্থানের নৃশংসতার বিচার: প্রতিমন্ত্রী মীর হেলাল

admin
হালনাগাদ: শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬
নৃশংসতার বিচার
প্রচলিত আইনেই হবে গুম-খুন ও জুলাই গণঅভ্যুত্থানের নৃশংসতার বিচার

বিগত ১৭ বছরের গুম, খুন ও নির্যাতনের ঘটনা এবং ২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে সংঘটিত সব নৃশংসতার বিচার দেশের বিদ্যমান আইন ও বিচারব্যবস্থার মাধ্যমেই সম্পন্ন হবে বলে জানিয়েছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন এমপি

আজ শুক্রবার চট্টগ্রাম প্রেস ক্লাবের জুলাই বিপ্লব স্মৃতি হলে চট্টগ্রাম প্রেস ক্লাব ও চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের যৌথ উদ্যোগে আয়োজিত ‘ফ্যাসিবাদ, জুলাই বিপ্লব ও আজকের বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, ন্যায়বিচার প্রতিষ্ঠার ক্ষেত্রে সরকার আইনের শাসনকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। তিনি বলেন, অতীতের গুম, খুন ও নির্যাতন কিংবা জুলাই-আগস্টের সহিংসতার ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে দেশের প্রচলিত আইন অনুযায়ী বিচারিক প্রক্রিয়া পরিচালিত হবে।

তিনি আরও বলেন, দীর্ঘ স্বৈরাচারবিরোধী আন্দোলনের সময় বিরোধী রাজনৈতিক নেতাকর্মীরা নানা ধরনের নির্যাতন ও দমন-পীড়নের মুখোমুখি হয়েছেন। তবে এসব প্রতিকূলতার মধ্যেও তারা রাজপথের আন্দোলন থেকে সরে যাননি এবং গণতন্ত্র পুনরুদ্ধারের দাবিতে অবিচল থেকেছেন।

দেশ গঠনের প্রসঙ্গে মীর হেলাল বলেন, উন্নত, সমৃদ্ধ ও আত্মনির্ভরশীল বাংলাদেশ বিনির্মাণে জাতীয় ঐক্যের কোনো বিকল্প নেই। তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশের উন্নয়ন ও মানবসম্পদ বিকাশে সরকার কাজ করছে। বিশেষ করে দীর্ঘ সময় অবহেলা ও সংকটে থাকা তরুণ সমাজকে দক্ষ জনশক্তিতে রূপান্তরের লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।

আলোচনা সভায় বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমের সাংবাদিক, গণ্যমান্য ব্যক্তি এবং সুধীজন অংশ নেন।


এ ক্যটাগরির আরো খবর..