× Banner
সর্বশেষ
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ১৩ দিনে মোট ৯১টি বিল পাস শিক্ষকদের সম্মিলিত প্রচেষ্টায় নকলমুক্ত পরীক্ষা আয়োজন করা সম্ভব হবে -শিক্ষামন্ত্রীর ভোজ্য তেলের বাজার স্থিতিশীল রাখতে সীমান্ত এলাকাসহ সারাদেশে বিজিবির তৎপরতা জোরদার মধুখালীতে মালেকা চক্ষু হাসপাতালের ২৫ বছর পূর্তি (রজত জয়ন্তী) উৎসব হজযাত্রায় নিষিদ্ধ পণ্য বহন থেকে বিরত থাকতে অনুরোধ ধর্ম মন্ত্রণালয়ের বাঙালির আত্মীক শিকড় পহেলা বৈশাখ  শ্রম (সংশোধন) বিল, ২০২৬ সংসদে পাস টোকিওতে ‘বাংলাদেশ বিজনেস সেমিনার’ অনুষ্ঠিত লক্ষ্মীপুরে অটো চালকের লাশ উদ্ধার পাহাড়ের বৈচিত্র্যে মানবিক ঐক্যের সুর: বিজু-সাংগ্রাই-বৈসু-বিষু-চাংক্রান

প্রকল্পের সুবিধা সম্পর্কে গণমাধ্যমে প্রচার কার্যক্রম জোরদারের নির্দেশ

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ২৯ নভেম্বর, ২০১৮

প্রকল্প সংশ্লিষ্ট এলাকার জনগণকে প্রকল্পের সুবিধা সম্পর্কে জানাতে গণমাধ্যমে প্রচার কার্যক্রম জোরদারের নির্দেশনা দিয়েছেন ভারপ্রাপ্ত শিল্পসচিব মোঃ আবদুল হালিম। তিনি বলেন, করদাতা হিসেবে জনগণ প্রকল্পের সুবিধা সম্পর্কে জানার অধিকার রাখেন। তিনি প্রকল্প বাস্তবায়নের পাশাপাশি এর সুবিধা সম্পর্কে জানাতে টেলিভিশন কমার্শিয়াল, স্পট রিপোর্টিং, টক শো, বিজ্ঞাপন, সোশ্যাল মিডিয়াসহ প্রচার মাধ্যমের বিভিন্ন উপকরণ ব্যবহারের পরামর্শ দেন।

আজ শিল্প মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ২০১৮-২০১৯ অর্থবছরে শিল্প মন্ত্রণালয়ের বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি)-তে অন্তর্ভুক্ত প্রকল্পসমূহের বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা সভায় সভাপতিত্বকালে ভারপ্রাপ্ত শিল্পসচিব মন্ত্রণালয়ের আওতাধীন বিভিন্ন সংস্থা/কর্পোরেশন প্রধান এবং প্রকল্প পরিচালকদের এ নির্দেশনা দেন।

মোঃ আবদুল হালিম বলেন, শিল্প মন্ত্রণালয় অনেক জনগুরুত্বপূর্ণ প্রকল্প বাস্তবায়ন করলেও এগুলো প্রচারের আওতায় আসেনি। জনস্বার্থে এ বিষয়ে প্রকল্প থেকে দ্রুত প্রচারের উদ্যোগ নিতে হবে। তিনি বাস্তবায়িত প্রকল্পের পাশাপাশি জনগুরুত্বপূর্ণ উন্নয়ন কর্মসূচি সম্পর্কেও প্রচারের ওপর গুরুত্ব দেন।

ভারপ্রাপ্ত সচিব নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্প বাস্তবায়নের জন্য দ্রুত প্রকল্পের অর্থছাড়ের নির্দেশনা দেন। তিনি বলেন, অর্থ ছাড়ের পরপরই তা খরচের বিষয়ে নিবিড় তদারকি নিশ্চিত করতে হবে। নিয়ম অনুযায়ী অর্থ খরচের জন্য প্রকল্প পরিচালকসহ সংশ্লিষ্টদের প্রশিক্ষণের আওতায় নিয়ে আসা হবে। তিনি প্রকল্প সংশ্লিষ্ট মামলাগুলো দ্রুত নিষ্পত্তির জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করেন। মামলার অজুহাতে প্রকল্প বাস্তবায়নে দীর্ঘসূত্রতা গ্রহণযোগ্য হবে না বলে তিনি সবাইকে সতর্ক করেন।

সভায় শিল্প মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, মন্ত্রণালয়ের আওতাধীন বিভিন্ন সংস্থা ও কর্পোরেশনের প্রধান এবং সংশ্লিষ্ট প্রকল্প পরিচালকরা উপস্থিত ছিলেন।

সভায় জানানো হয়, শিল্প মন্ত্রণালয়ের বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে মোট ৪৭টি উন্নয়ন প্রকল্প রয়েছে। এর মধ্যে ৪২টি বিনিয়োগ প্রকল্প, ৪টি কারিগরি এবং ১টি নিজস্ব অর্থায়নে বাস্তবায়িত প্রকল্প রয়েছে। সব মিলিয়ে এসব প্রকল্পে বরাদ্দের পরিমাণ ১ হাজার ৫৭ কোটি ৫৯ লাখ টাকা। এর মধ্যে জিওবি খাতে ৯শ’ ৩৮ কোটি ২৬ লাখ টাকা, প্রকল্প সাহায্য খাতে ৪৯ কোটি ৫৩ লাখ টাকা এবং সংস্থার নিজস্ব অর্থায়ন খাতে ৭০ কোটি টাকা বরাদ্দ রয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..