এস.এম মফিদুল ইসলাম, পাটকেলঘাটা (সাতক্ষীরা) প্রতিনিধি ॥ বাল্য বিবাহের মতো সামাজিক অপরাধ পাটকেলঘাটার প্রত্যন্ত অঞ্চলগুলোতে ক্রমেই বৃদ্ধি পাচ্ছে। না মানছে আইন কানুন, না মানছে সমাজ। ফলে বাল্য বিবাহের মতো সামাজিক অপরাধ দুটি মানুষের জীবনকে চরম বিপদের দিকে ঠেলে দিতে আমাদের অভিভাবক সমাজ বিন্দু মাত্র কুন্ঠাবোধ করছেন না।
কন্যা সন্তানকে তারা বোঝা হিসেবে গণ্য করে আবার কালিমা লেপন থেকে নিজেদের বাচাতে একের পর এক বাল্য বিবাহ হয়েই চলেছে। এর বিরুদ্ধে কেউ সজাগ হলে সমাজের দুশমন বলে পরিণত হয় ঐ বিবেকবান মানুষটি। আর জাতির বিবেক সাংবাদিক সমাজ যদি আইনের মাধ্যমে ঐ সন্তানদের বাচাতে চেষ্টা অব্যাহত রাখে তবে চাদাবাদ আর অপবাদের লেশ থাকে না।
একটি জরিপে দেখা গেছে অত্র অঞ্চলে চতুর্থ পঞ্চম শ্রেণী হতে কন্যা শিশুদের বাল্য বিবাহ দিয়েই চলেছে আমাদের অভিভাবক সমাজ। খাতা কলমে ঠিক রাখতে ইউনিয়ন পরিষদ হতে ঠিকই কাগজ পত্রাদি আগে ভাগে গুছিয়ে রাখছেন তারা। কাজীর বেটাকে ২ টাকা বেশি দিলে বাল্য বিবাহ ঠিকই প্রাপ্ত বয়স্ক বানিয়ে দিচ্ছেন। ফলে সঠিক জ্ঞানের অভাবে অকালে সন্তান জন্ম দিতে গিয়ে কখনও মৃত্যুর মুখে পতিত হচ্ছেন আবার কখনও অকালে গর্ভধারণে রুগ্ন হয়ে আস্তে আস্তে পরপারে পাড়ি জমাচ্ছেন।
এদিকে সাতক্ষীরা জেলা প্রশাসক ও বিভাগীয় কমিশনারগণ একাধিক সভা সেমিনারে এটাকে গণপ্রতিরোধ হিসেবে গড়ে তুলতে জনগণকে সজাগ থাকার নির্দেশ দেন। সুশীল সমাজ বলছে এখনই বাল্য বিবাহের মতো সামাজিক অপরাধ বন্ধ করতে সক্ষম না হলে আমাদের সন্তানেরা ক্রমাগত ভুলের দিকে চলে যাবে। দেখা যায় বাল্য বিবাহের কারণে মাতৃ মৃত্যুহার ও শিশু মৃত্যুহার অনেক বেড়ে গেছে। আগামী দিনে যাতে বাল্য বিবাহের মতো ঘটনা না ঘটে সেদিকে প্রশাসন ও সচেতন মহলকে কঠিন নজরদারির আহবান জানিয়েছেন পাটকেলঘাটার সুশীল সমাজ।