× Banner

পাটকেলঘাটায় গরু ব্যবসায়ীকে পিটিয়ে ও শ্বাসরোধ করে হত্যা করেছে দূর্বৃত্তরা

admin
হালনাগাদ: শনিবার, ২৫ জুন, ২০১৬

এস.এম মফিদুল ইসলাম পাটকেলঘাটা (সাতক্ষীরা) প্রতিনিধি: পাটকেলঘাটার গৌরিপুর গ্রামে শুক্রবার গভীর রাতে দূর্বৃত্তরা এক গরু ব্যবসায়ীকে পিটিয়ে এবং শ্বাসরোধ করে হত্যার ঘটনা ঘটিয়েছে। এঘটনায় শনিবার সকালে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার পূর্বক ২জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে।

পুলিশ এবং পারিবারিক সূত্রে জানা গেছে, পাটকেলঘাটা থানার গৌরিপুর গ্রামের কাজী আব্দুর রহমানের পুত্র গরু ব্যবসায়ী আবুবক্কর সিদ্দিক জনি (৩০) কে শুক্রবার রাত  ১০টার দিকে কে বা কারা মোবাইল ফোনের মাধ্যমে ডেকে নিয়ে যায়। এরপর সে ঐ রাতে আর বাড়ী ফিরে আসেনি। ফিরতে দেরী হওয়ার কারণে পরিবারের লোকজন তার মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগ এবং রাতভর বাড়ীর আশপাশে খোঁজাখুজি করেও কোন খোঁজখবর না পেয়ে উদ্বিগ্ন হয়ে ওঠে। গতকাল ভোরে একই গ্রামের মৃত ধোনাই  সরদারের পুত্র রবিউল ইসলাম গৌরিপুর বালিরচর পূর্ব মাঠে ঘাস কাটতে গিয়ে গলায় গামছা পেঁচানো অবস্থায় জনির লাশ দেখে চিৎকার করতে থাকে। এসময় তার চিৎকার শুনে আশপাশের লোকজন ঘটনাস্থলে গিয়ে লাশ সনাক্ত করে তার পরিবার এবং পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শনসহ লাশ এবং তার ব্যবহৃত মোবাইল ফোন উদ্ধার করে।  এরপর লাশের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করেন।

এঘটনায় সুরতহাল রিপোর্ট প্রস্তুতকারী কর্মকর্তা এস আই আশরাফুজ্জামান জানান, নিহতের গলায় গামছা পেঁচানো,ডানকানে রক্ত নির্গত,বাম চোখে,ডান হাতের কনুইয়ের নিচে এবং বাম পায়ের কনিষ্ঠ আঙ্গুলে জখমের চিহ্ন পাওয়া গেছে। পুলিশের প্রাথমিক ধারণা দুর্বৃত্তরা তাকে অন্য কোথাও পিটিয়ে এবং শ্বাসরোধ করে হত্যার পর ঘটনাস্থলে লাশ ফেলে রেখে গেছে। তবে এলাকাবাসী জানান, নিহত জনি গরু ব্যবসার পাশাপাশি জুয়া খেলা করতো। এ ঘটনাকে কেন্দ্র করে এমন নৃশংস হত্যাকান্ড ঘটতে পারে।

পুলিশ ঘটনায় জড়িত সন্দেহে গৌরিপুর গ্রামের মৃত আরশাদ কাজীর পুত্র শহিদুল ইসলাম ছোটো (৪২) এবং একই গ্রামের আলাউদ্দীন শেখের পুত্র রবিউল ইসলাম বাটুল (৪৫) কে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে।

এ ঘটনায় অতিরিক্ত পুলিশ সুপার মীর মোদাচ্ছের হোসেন ও সহকারী পুলিশ সুপার মোঃ আমির খসরু ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এরিপোর্ট লেখা পর্যন্ত থানায় মামলার প্রস্তুতি চলছিল।


এ ক্যটাগরির আরো খবর..