এস.এম মফিদুল ইসলাম, পাটকেলঘাটা (সাতক্ষীরা) প্রতিনিধি: সরকারের পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে সারা দেশের ন্যায় পাটকেলঘাটার সকল শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে একযোগে সন্ত্রাস ও জঙ্গীবাদের বিরুদ্ধে মানব বন্ধন পালিত হয়েছে। সোমবার সকাল ১০ টা হতে স্ব-স্ব মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, মাদ্রাসা ও কলেজ সংলগ্ন সড়ক ও মহাসড়কের উপর শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী এবং শিক্ষার্থীদের স্বতঃস্ফুর্ত অংশ গ্রহণের মধ্য দিয়ে এ মানব বন্ধন পালিত হয়।
কুমিরার মহাকবি মাইকেল সড়কের উপর মেলেকবাড়ী মাধ্যমিক বিদ্যালয় এবং মেলেকবাড়ী দারুস সালাম উলুম মাদ্রাসার আয়োজনে মানব বন্ধন পালিত হয়। এসময় বক্তব্য রাখেন কুমিরা ইউনিয়ন আ’লীগের সভাপতি ও বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি শেখ আজিজুল ইসলাম, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মোড়ল, মেলেকবাড়ী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল ওয়াদুদ সানা, দারুস সালাম মাদ্রাসার অধ্যক্ষ মাওঃ সাইফুদ্দিন, মাওঃ আজিজুর রহমান, মাওঃ মিজানুর রহমান, মাওঃ আব্দুল ওয়াহাব, আব্দুল আহাদ প্রমুখ।
এদিকে বেলা ১১ টা হতে দুপুর ১২ টা পর্যন্ত খুলনা-সাতক্ষীরা মহাসড়কের উপর শিক্ষাপ্রতিষ্ঠানের পক্ষ থেকে মানব বন্ধনের আয়োজন করা হয়। এসময় ঐতিহ্যবাহী কুমিরা বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুকৃতি কুমার রায় সহ সকল শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ মানব বন্ধনে অংশ গ্রহণের মাধ্যমে জঙ্গীবাদের বিরুদ্ধে তীব্র নিন্দা, ঘৃণা এবং প্রতিবাদ জানান। কুমিরা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতম কুমার দাশের সভাপতিত্বে মানব বন্ধনে বক্তব্য রাখেন তালা উপজেলা আ’লীগের সভাপতি শেখ নুরুল ইসলাম, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক কাজী নজরুল ইসলাম হিল্লোল সহ শিক্ষকবৃন্দ। পাটকেলঘাটা মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শেখ আব্দুল হাই এর সভাপতিত্বে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা কৃষকলীগের সভাপতি বিশ্বজিত সাধু, খলিষখালী ইউপি চেয়ারম্যান সাংবাদিক মোজাফফর রহমান সহ অনেকে। কাশিপুর ইসলামিয়া দাখিল মাদ্রাসার সভাপতি শেখ মফিজুল ইসলামের সভাপতিত্বে মানব বন্ধনে বক্তব্য রাখেন মাদ্রাসার সুপার শেখ মমিনউদ্দীন, এম এ আবু দাউদ ও অন্যান্য শিক্ষক বৃন্দ। এছাড়া পাটকেলঘাটা হারুন অর রশিদ ডিগ্রী কলেজ, কুমিরা মহিলা ডিগ্রী কলেজ, পাটকেলঘাটা টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ, আমিরুন্নেসা মাধ্যমিক বিদ্যালয়, কাশিপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়, পাটকেলঘাটা আল আমিন ফাজিল মাদ্রাসার আয়োজনে শিক্ষার্থীদের স্বতঃস্ফুর্ত অংশ গ্রহণের মধ্য দিয়ে পৃথক পৃথক মানব বন্ধন পালিত হয়।