ক্রীড়া ডেস্ক: ওল্ড ট্র্যাফোর্ড টেস্টের প্রথম দিন ইয়াসির শাহ ৩১ ওভার বল করেও কোনো উইকেট পাননি। সেখানে দ্বিতীয় দিনে ক্রিস ওকস ৬ ওভার বল করেই ৩ উইকেটের দেখা পেলেন!
লর্ডসে প্রথম টেস্টে হারের পর ওল্ড ট্র্যাফোর্ডে জিতে সিরিজে সমতায় ফেরার স্বপ্নই দেখছে ইংল্যান্ড। জো রুটের ডাবল সেঞ্চুরিতে ৮ উইকেটে ৫৮৯ রানের পাহাড় গড়ে প্রথম ইনিংস ঘোষণা করেছে অ্যালিস্টার কুকের দল।
সেই রান পাহাড়ে চিড়েচ্যাপ্টা পাকিস্তান। ওকসের বোলিং তোপের মুখে দিন শেষ হওয়ার আগে ৫৭ রান তুলতেই ৪ উইকেট হারিয়ে ফেলেছে সফরকারীরা। এখনো পিছিয়ে আছে ৫৩২ রানে। ফলোঅন এড়াতেই চাই আরো ৩৩৩ রান!
দ্বিতীয় দিনটা পুরোটাই নিজের করে নিয়েছেন রুট। পেয়েছেন ক্যারিয়ারের দ্বিতীয় ডাবল সেঞ্চুরি। ডানহাতি এই ব্যাটসম্যান আউট হয়েছেন ক্যারিয়ার সেরা ২৫৪ রানের দুর্দান্ত এক ইনিংস খেলে।
আগের দিনে ৪ উইকেটে ৩১৪ রান তুলেছিল ইংল্যান্ড। রুট ১৪১ ও ওকস ২ রান নিয়ে শনিবার দ্বিতীয় দিন শুরু করেন। লাঞ্চের আগে দলীয় ৪১৪ রানে ওকস ফিরে যান ব্যক্তিগত ৫৮ রান করে।
লাঞ্চের পর রুট পূর্ণ করেন ডাবল সেঞ্চুরি। সেটিও আবার রাজকীয়ভাবে। ব্যক্তিগত ১৯৭ রান থেকে ইয়াসিরের বলে রিভার্স সুইপে চার মেরে পূর্ণ করেন ক্যারিয়ারের দ্বিতীয় ডাবল সেঞ্চুরি।
প্রথম ট্রিপল সেঞ্চুরির স্বপ্নও দেখছিলেন রুট। তবে ২৫৪ রানে ওয়াহাব রিয়াজের অফকাটার তুলে মারেন আকাশে। দৌড়ে এসে ডাইভ দিয়ে দারুণ এক ক্যাচ নেন মোহাম্মদ হাফিজ। ৪০৬ বলে ২৭টি চারের সাহায্যে ২৫৪ রানের ইনিংসটি সাজান রুট।
রুটের বিদায়ের পর জনি বেয়ারস্টো ৫৮ রান করে আউট হলে ইনিংস ঘোষণা করেন ইংলিশ অধিনায়ক কুক। বেন স্টোকস করেন ৩৪ রান।
১০৬ রানে ৩ উইকেট নিয়ে পাকিস্তানের সেরা বোলার ওয়াহাব। লর্ডসে ১০ উইকেট নেওয়া ইয়াসির ২৬.২ ওভারে ২১৩ রান দিয়ে পেয়েছেন ১ উইকেট। ওল্ড ট্র্যাফোর্ডে কোনো বোলারের এক ইনিংসে এটাই সবচেয়ে বেশি রান দেওয়ার ‘কীর্তি’।
বোলারদের ব্যর্থতার ধাক্কা সামলাতে পারেননি পাকিস্তানের ব্যাটসম্যানরাও। মোহাম্মদ হাফিজ ও শান মাসুদ উদ্বোধনী জুটিতে ঘণ্টাখানেক টিকে ছিলেন। এর পরই আসা-যাওয়ার মিছিলে যোগ দেন ব্যাটসম্যানরা।
দলীয় ২৭ রানে হাফিজকে (১৮) রুটের ক্যাচ বানিয়ে উদ্বোধনী জুটি ভাঙেন ওকস। ইংলিশ অলরাউন্ডার দলীয় ৪৩ রানে আজহার আলীকেও (১) দারুণ এক ফিরতি ক্যাচে বিদায় করেন। ৪৮ রানে ইউনিস খানকে (১) জনি বেয়ারস্টোর গ্লাভসবন্দি করান বেন স্টোকস।
আর নাইটওয়াচম্যান হিসেবে নামা রাহাত আলীর (৪) উইকেট নিয়েছেন ওকস। শান মাসুদ ৩০ ও মিসবাহ-উল-হক ২ রান নিয়ে তৃতীয় দিনে ফলোঅন এড়ানোর লড়াইয়ে নামবেন।