ইমদাদুল হক,পাইকগাছা,খুলনা।। খুলনার পাইকগাছার কপিলমুনি ফাড়ি পুলিশ ছেলে ধরা সন্দেহে কামরান (৩৮) নামের একজনকে আটক করেছে।
সোমবার সকালে কপিলমুনি-কানাইদিয়া খেয়াঘাট এলাকা থেকে জনতা কর্তৃক অবরুদ্ধ অবস্থায় তাকে আটক করা হয়। পরে আটক ব্যাক্তিকে দ্রুত পাইকগাছা থানায় নিয়ে যায় স্থানী ফাঁড়ি পুলিশ।
পুলিশ ও স্থানীয়রা জানায়, আটক ব্যাক্তি কপিলমুনি-কানাইদিয়া খেয়াঘাট সংলগ্ন কানাইদিয়া ক্লাবের পেছনের একটি বাগানের আড়ালে বসেছিল। সকাল অনুমানিক ১০টার দিকে ক্লাবের সামনের রাস্তা দিয়ে স্কুল পড়ুয়া ৩টি মেয়ে যাওয়ার সময় তাদেরকে ডাকাডাকি করলে থমকে যায় মেয়েরা। পরনে ভাল প্যান্ট ও গায়ে গেঞ্জি পরিহিত অবস্থায় দেখে এবং অপরিচিত হওয়ায় মেয়েরা দৌড় দেয়।
এ সময় আটক ব্যাক্তি তাদের পিছু নিয়ে দৌড়াতে শুরু করে। মেয়েরা পিছনে ফিরে দেখে ঐ ব্যাক্তি তাদের পিছু নিয়েছে। এমতাবস্থায় তাদের চিৎকার শুনে আশপাশের লোক এসে কামরানকে ধরে ফেলে পুলিশে খবর দেয়। খবর পেয়ে কপিলমুনি পুলিশ ফাঁড়ির দারোগা এস আই বাবুল সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়ে অবরুদ্ধ অবস্থায় উদ্ধার করে ফাঁড়িতে নিয়ে আসে। পরে তাকে দ্রুত পাইকগাছা থানায় হস্তান্তর করা হয়। আটক কামরান সিলেট উপশহর সোনাপাড়া রোড এলাকার আনোয়ার হোসেনের ছেলে।



