যশোর-নড়াইল মহা সড়কের দাইতলা ব্রীজ এলাকায় বিজিবি অভিযানে ৪৪ লক্ষ টাকা মু্ল্যের ১৯২.৪৫ গ্রাম ওজনের ২টি স্বর্ণবারসহ এক স্বর্ণ পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সদস্যরা।
আটক আসামি হলেন,মানিকগঞ্জ জেলার সিংগাইর উপজেলা গোবিন্দল গ্রামের ধলু মিয়ার ছেলে ময়ুর (৪২)।
মঙ্গলবার ( ২৫ আগস্ট ২০২৬) বেলা বারোটার সময় গোপন সংবাদের ভিত্তিতে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর একটি বিশেষ চৌকস অভিযান টহলদল যশোর-নড়াইল মহাসড়কের দাইতলা ব্রিজ এলাকায় অভিযান পরিচালনা করে ১৯২.৪৫ গ্রাম ওজনের ২টি স্বর্ণের বার, ১ টি স্মার্ট মোবাইল এবং নগদ ১,৬০০/-টাকাসহ এক স্বর্ণ পাচারকারীকে আটক করে।
আটককৃত ব্যক্তির শরীরে বিশেষভাবে লুকায়িত অবস্থায় উক্ত স্বর্ণের বার গুলো পাওয়া যায়। আটককৃত আসামীকে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে জানা যায়, সে ঢাকা থেকে যশোর হয়ে বেনাপোল দিয়ে ভারতে পাচার করার উদ্দেশ্যে স্বর্ণের বার নিয়ে যাচ্ছিল।
আটককৃত স্বর্ণের মূল্য ৪৪,৫৯,০৬৬/- (চুয়াল্লিশ লক্ষ ঊনষাট হাজার ছেষট্টি) টাকা, ০১টি স্মার্ট মোবাইল ১০,০০০/- টাকা এবং নগদ ১,৬০০/- টাকাসহ *সর্বমোট সিজারমূল্য ৪৪,৭০,৬৬৬/- (চুয়াল্লিশ লক্ষ সত্তর হাজার ছয়শত ছেষট্টি) টাকা।
যশোর ৪৯ বিজিবি ব্যাটেলিয়ানের অধিনায়ক লেঃ কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান, পিএসসি জানান, কিছুদিন যাবত বাংলাদেশ হতে ভারতে স্বর্ণ পাচারের প্রবণতা বৃদ্ধি পেয়েছে। উক্ত স্বর্ণসহ পাচারকারী আটকের নিমিত্তে বিজিবি’র আভিযানিক কার্যক্রম ও চেষ্টা অব্যাহত রয়েছে।
এরই ধারাবাহিকতায় যশোর ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় অভিযান পরিচালনা করে স্বর্ণসহ পাচারকারী আটক করতে সক্ষম হচ্ছে। সীমান্তে বিজিবির এ ধরনের অভিযান কার্যক্রম সবসময়ই অব্যাহত থাকবে এবং আটককৃত আসামীর বিরুদ্ধে মামলা দায়েরের মাধ্যমে আসামীকে যশোর কোতয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।



