চকচকে চাল খেতে গিয়ে শুধু পলিশ করার কারণে ১৬ থেকে ২০ লাখ মেট্রিক টন চাল নষ্ট হয়। আগামী তিন মাসের মধ্যে ধানের জাত, উৎপাদনের তারিখ ও বিক্রয়মূল্য সংবলিত চালের বস্তা বাজারে আসবে। আর আগামী ছয় মাসের মধ্যে চাল ছাঁটাই করা বন্ধ করা হবে। এর পরও কেউ যদি চাল ছাঁটাই করে চিকন করে, তবে তাদের মেশিন জব্দ করা হবে। বলেছেন, খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।
খাদ্যমন্ত্রী বলেন, ‘চকচকে চাল খাওয়ার ফলে আমাদের জাতীয় ক্ষতি হচ্ছে। এই চকচকে চাল খেতে গিয়ে শুধু পলিশ করার কারণে ১৬ থেকে ২০ লাখ মেট্রিক টন চাল নষ্ট হয়। চাল পলিশ করার সময় স্যালাইন পানি বা মেডিসিন ব্যবহার করা হয়।
আমরা আইন করেছি, মিনিকেট চাল থাকবে না। পহেলা বৈশাখ থেকে সেই কার্যক্রম শুরু হয়েছে। চালের বস্তার গায়ে ধানের জাতের নাম, উৎপাদনের তারিখ ও দাম উল্লেখ করতে হবে। বাজারে এখনো এই চাল পুরোপুরি আসেনি, তবে আসতে শুরু করেছে।
এখনো বাজারে পুরনো চাল আছে। সেগুলো শেষ হওয়ার পর আগামী তিন মাসের মধ্যে নতুন বস্তার চাল ছাড়া অন্য চাল পাওয়া যাবে না। যে আইন করা হয়েছে, আগামী দুই, চার বা ছয় মাস পর আর পলিশ করা চাল উৎপাদন করা যাবে না। এর পরও যারা পলিশ করবে, আমরা তাদের মেশিন জব্দ করব। কষ্ট লাগে, চালের পুষ্টি ছাঁটাই করে ফেলে দেওয়া হচ্ছে।



