একাদশ জাতীয় নির্বাচনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী মিজানুর রহমান চৌধুরী বলেছেন, সদ্য সমাপ্ত ৩০ ডিসেম্বরের তামাশার নির্বাচনকে ধামাচাপা দিতে ক্ষমতাসীন আওয়ামীলীগ দ্বারা বিএনপি ও ২৩ দলীয় জোটের নেতা-কর্মীসহ নিরীহ ভোটারদের নির্যাতনের ঘটনায় সুনামগঞ্জ-৫ সংসদীয় আসনের ছাতক ও দোয়ারাবাজার এলাকা ভীতিকর জনপদে পরিণত হয়েছে।
নির্বাচনের আগে ও পরে পুলিশের একের পর এক গ্রেফতারের ঘটনা, ক্ষমতাসীন দলের ক্যাডারদের হামলা, ভাংচুর এবং ধানের শীষের নিরীহ কর্মীদের ওপর ধারাবাহিক নির্যাতন থেকে নিবৃত্ত থাকার আহবান জানিয়ে মিজানুর রহমান চৌধুরী বলেছেন, আমার দল বিএনপি’র নির্দোষ নেতাকর্মীসহ নির্বাচনী এলাকার নিরীহ মানুষ যারা আমাকে সমর্থন করেছিল, নির্বাচন পরবর্তী সময়ে তাদের ওপর হামলা, তাদের বাড়ি-ঘর, ব্যবসা প্রতিষ্ঠানে হামলা করে ভাংচুর করাসহ তাদের নানা ভাবে হুমকি-ধামকি প্রদান করা হচ্ছে। অথচ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যেন নিরব দর্শকের ভূমিকা পালন করছেন।
শনিবার এক বিবৃতিতে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মিজানুর চৌধুরীর এসব কথা বলেন। প্রতিদ্বন্দ্বি প্রার্থীকে উদ্দেশ্য করে বিবৃতিতে আরও বলেন, আমরা সকলেই একে অন্যের প্রতিবেশী। সকল ভেদাভেদ ভুলে ভ্রাতৃত্বের বন্ধনে সম্প্রীতির সাথে বসবাস করতে জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ঘটে যাওয়া সকল দমন-পীড়ন, অন্যায়-অত্যাচার ও জেল-জুলুম বন্ধে আপনার সু’দৃষ্টি কামনা করছি। প্রতিদ্বন্দ্বি প্রার্থীর নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, আপনারা হামলা করে যার শরীরকে রক্তাক্ত করছেন সেতো আপনার, আমার বা আমাদের এলাকারই মানুষ।
এরাতো আমাদেরই নিকটতম প্রতিবেশী। রাজনৈতিক দল হিসাবে আমার দল বিএনপি কিংবা আপনার দল আ’লীগ করা কিংবা ভোটযুদ্ধে আমাদের যে কোন একজনকে বা কাউকে সমর্থন করাতো অন্যায় না। এলাকায় শান্তি ও শৃঙ্খলা ফিরিয়ে আনতে প্রশাসনের উদ্দেশ্যে মিজান চৌধুরী আরো বলেন, স্থানীয় প্রশাসনসহ আইন শৃঙ্খলা বাহিনীকে আমি ব্যক্তিগত ও আমার দল বিএনপির পক্ষ থেকে আহবান জানাবো সকল বৈরিতা ও হানাহানি বন্ধ করুন, এলাকার শান্তি ও সম্প্রীতি ফিরিয়ে আনতে এখনই উদ্যোগ নিন। আশা করি দুই উপজেলার প্রশাসন, জেলা প্রশাসন ও স্থানীয় এমপি এ ব্যাপারে দ্রুত উদ্যোগ নেবেন।