সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেনের সাথে আজ ঢাকায় বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রীর দপ্তরে চীনের রাষ্ট্রদূত Yao Wen সহ তিন সদস্যের প্রতিনিধিদল সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে প্রতিমন্ত্রী ফারজানা শারমীন ও সমাজকল্যাণ সচিব ড. মোহাম্মদ আবু ইউছুফ উপস্থিত ছিলেন।
বৈঠকে মন্ত্রী বলেন, উন্নয়ন সহযোগিতা, কৌশলগত অংশীদারিত্ব এবং পারস্পরিক সম্মানের দিক থেকে চীন বাংলাদেশের দীর্ঘদিনের পুরনো বন্ধু। তিনি বলেন, প্রযুক্তিগত দিক থেকে চীন অনেক এগিয়ে, বিশেষ করে স্মার্ট কার্ড প্রযুক্তিতে চীন বিশ্বের অন্যতম সফল দেশ। মন্ত্রী বর্তমান সরকারের অন্যতম নির্বাচনি প্রতিশ্রুতি ফ্যামিলি কার্ড বাস্তবায়নে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের কার্যক্রম তুলে ধরে বলেন, বাংলাদেশের বিপুল জনগোষ্ঠীর শিক্ষা, স্বাস্থ্য, পুষ্টি নিরাপত্তা, দারিদ্র্য বিমোচন এবং নারীর ক্ষমতায়নে কার্ড পরিবারকেন্দ্রিক সামাজিক সুরক্ষা নিশ্চিতে কাজ করবে। এই ফ্যামিলি কার্ড কর্মসূচিকে একটি স্বচ্ছ ও প্রযুক্তিনির্ভর সামাজিক সুরক্ষা ব্যবস্থায় রূপ দিতে চীনের অভিজ্ঞতা বাংলাদেশের জন্য অত্যন্ত কার্যকর সহযোগিতা হতে পারে।
সাক্ষাৎকালে রাষ্ট্রদূত বাংলাদেশ সরকারের গৃহীত ফ্যামিলি কার্ড কার্যক্রমের প্রশংসা করে বলেন, ফ্যামিলি কার্ড ইতোমধ্যে বাংলাদেশের নিম্নআয়ের মানুষের কাছে জনপ্রিয়তা পেয়েছে। তিনি বলেন, অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি সামাজিক সুরক্ষা খাতে চীন বাংলাদেশের সাথে বন্ধুত্ব ও সহযোগিতার সম্পর্ক আরো দৃঢ় করতে ইচ্ছুক। সামাজিক সুরক্ষা খাতে চীন-বাংলাদেশ পারস্পরিক সহযোগিতার ক্ষেত্র আরো শক্তিশালী হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
এ সময় উভয়পক্ষ বিদ্যমান দ্বিপক্ষীয় সম্পর্ককে অধিকতর শক্তিশালী করার লক্ষ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।