পরিবেশসম্মত আধুনিক নগরায়নে বাংলাদেশকে সহযোগিতা করবে ইউএন হ্যাবিটেট

আবুধাবি (সংযুক্ত আরব আমিরাত), ২৮ মাঘ (১১ ফেব্রুয়ারি) : পরিবেশসম্মত আধুনিক নগরায়নে জাতিসংঘের ইউএন হ্যাবিটেট বাংলাদেশকে আর্থিক সহযোগিতাসহ সার্বিক সহযোগিতা প্রদান করবে বলে অঙ্গীকার ব্যক্ত করেছেন জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল ও হিউম্যান সেটেলমেন্ট প্রোগ্রাম ইউএন হ্যাবিটেটের নির্বাহী পরিচালক মাইমুনাহ মোহা. শরীফ।

আজ সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে চলমান ওয়ার্ল্ড আরবান ফোরামে গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী শ ম রেজাউল করিমের সাথে বৈঠককালে তিনি এ অঙ্গীকার ব্যক্ত করেন।

বৈঠকে গণপূর্ত মন্ত্রী বলেন, নাগরিকদের জন্য নিরাপদ, সাশ্রয়ী ও পরিবেশবান্ধব আবাসন নিশ্চিত করার মাধ্যমে টেকসই নগর ও জনপদ গড়ে তোলার জন্য বাংলাদেশ সরকার কাজ করে যাচ্ছে। টেকসই নগরায়নের জন্য সারা দেশে মাস্টার প্ল্যান প্রণয়নের কার্যক্রম চলমান রয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সরকার একশবছর পরের পরিকল্পনা ডেল্টা প্ল্যান প্রণয়ন করেছে। ইউএন হ্যাবিটেট বাংলাদেশের নগরায়ন নীতিমালার উন্নয়নে সহায়ক ভূমিকা রাখতে পারে।

মন্ত্রী আরো বলেন, মিয়ানমারের বলপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গা নাগরিকদের জন্য খাদ্য, চিকিৎসা, আবাসন, স্যানিটেশনের ব্যবস্থা করা বাংলাদেশের জন্য অনেক কঠিন। এজন্য রোহিঙ্গা সংকট নিরসনে বিশ্ব সম্প্রদায়কে এগিয়ে আসতে হবে।

বাংলাদেশে প্রস্তাবিত নগর ও অঞ্চল পরিকল্পনা আইন এবং ভূমির পুনর্ব্যবহার আইন সমৃদ্ধকরণে কারিগরি সহায়তা প্রদান এবং টেকসই উন্নয়ন অভীষ্টের ১১তম অভীষ্ট অর্জন ও নতুন নগর এজেন্ডার কার্যকর বাস্তবায়নে বাংলাদেশ সরকারকে ইউএন হ্যাবিটেট অব্যাহত সহযোগিতা প্রদান করতে পারে বলে বৈঠকে মন্তব্য করেন গণপূর্ত মন্ত্রী।

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. মোঃ আফজাল হোসেন, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মোঃ সাঈদ নূর আলম, নগর উন্নয়ন অধিদপ্তরের পরিচালক ড. খুরশীদ জাবিন হোসেন তৌফিক, গণপূর্ত মন্ত্রণালয়ের উপসচিব মোঃ সিদ্দিকুর রহমান ও মোঃ মোতাহার হোসেন, জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের নির্বাহী প্রকৌশলী মোঃ হারিজুর রহমান এবং প্রাক্টিক্যাল একশন, বাংলাদেশএর হেড অভ্ প্রোগ্রাম হোসেন আদিব বৈঠকে উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, ওয়ার্ল্ড আরবান ফোরামে গণপূর্তমন্ত্রী গত ৯ ফেব্রুয়ারি মন্ত্রী পর্যায়ের গোলটেবিল বৈঠকে অংশগ্রহণ এবং গত ১০ ফেব্রুয়ারি বাংলাদেশ ও ঘানার যৌথ অংশগ্রহণে একটি নেটওয়ার্কিং ইভেন্টে সভাপতিত্ব করেন। এছাড়া ফোরামে গণপূর্ত মন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ প্রতিনিধিদল বিভিন্ন দেশের প্রতিনিধিদের সাথে মতবিনিময় করেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Brinda Chowdhury
লেখক / প্রতিবেদক

Brinda Chowdhury

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।